করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ‘চীনের টিকা কার্যকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, দেশটিতে করোনার যে ধরন শনাক্ত হয়েছে তা অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী বলে ধারণা করা হচ্ছে
ফাইল ছবি

চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা এ ভাইরাসের ভারতীয় ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির নেতৃস্থানীয় একজন রোগনিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।

চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ শাও ওয়াইমিং বৃহস্পতিবার বেইজিংয়ে বলেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, চীনে ব্যবহৃত করোনার টিকাগুলো এ ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে ‘একটি নির্দিষ্ট মাত্রায়’ সুরক্ষা দিতে সক্ষম। তবে ভারতীয় ধরনের বিরুদ্ধে চীনের কোন কোন টিকা কার্যকর, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

গত সপ্তাহে চীনের বিশেষজ্ঞরা বলেন, ভারতে প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার ধরনটিতে সংক্রমিত হওয়ার অন্তত ১৮টি ঘটনা চীনে ধরা পড়েছে।

শাও বলেন, করোনার ভারতীয় ধরনের ওপর চীন বিশেষ নজর রাখছে। এ নিয়ে গবেষণা চলছে ও তথ্য–উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

বিশেষজ্ঞ শাওয়ের বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এই ভাইরাসের রূপান্তর ঘটতেই থাকবে। তাই নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব ঘটবে। তিনি দাবি করেন, করোনার নতুন ধরনগুলো বিদ্যমান টিকাগুলোকে অকার্যকর করে ফেললে তাঁর দেশ নতুন, কার্যকর টিকা তৈরি করতে সক্ষম হবে।

এ প্রসঙ্গে শাও আরও বলেন, করোনার রূপান্তরিত ধরন বিদ্যমান টিকাগুলোর সুরক্ষাব্যবস্থা টপকে যেতে সক্ষম হলে সে ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার সামর্থ্য চীনের আছে। কেননা, বর্তমানে চীনের টিকা উৎপাদন প্রক্রিয়া যথেষ্ট পরিপক্ব। রূপান্তরিত ধরনের বিরুদ্ধে কার্যকর নতুন টিকা উৎপাদন করতে এই প্রক্রিয়ায় তেমন পরিবর্তন আনতে হবে না।

ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলেও গত সপ্তাহ পর্যন্ত টিকা আমদানির ব্যাপারে চীনা প্রতিষ্ঠানগুলোর শরণাপন্ন হয়নি দেশটি। গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানায়।

বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, চীনে করোনার সংক্রমণ রোধে পাঁচটি টিকা ব্যবহার করা হচ্ছে। বুধবার পর্যন্ত প্রায় ৪৫ কোটি ডোজ টিকা ব্যবহার করা হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে চীনের সিনোফার্ম কোভিড–১৯ টিকার জরুরি ব্যবহারের সবুজ সংকেত দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফলে বিশ্বব্যাপী এই টিকা সরবরাহের বিষয়টি অনুমোদন পাচ্ছে। এর মধ্য দিয়ে এই প্রথম পশ্চিমা দেশের বাইরের কোনো দেশের উৎপাদিত করোনার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন পেতে যাচ্ছে। যদিও চীন এরই মধ্যে তার দেশের কোটি কোটি মানুষকে স্থানীয়ভাবে উৎপাদিত টিকা দিয়ে ফেলেছে। দেশের বাইরেও এই টিকার সরবরাহ করেছে তারা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭৬ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০–এ। করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৭ হাজার ১২২।