করোনায় মৃত্যু হয়েছে হিসাবের চেয়ে তিন গুণ বেশি

গত বছরের এপ্রিলে একটা সময় ভারতে ২৪ ঘণ্টা শ্মশানে চিতা জ্বললেও অনেক লাশ সৎকার করা সম্ভব হয়নিফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি তথ্য অনুযায়ী, কোভিড মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৫৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে গবেষকেরা বলছেন, প্রকৃতপক্ষে এ মৃত্যুর সংখ্যা আরও বেশি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, করোনায় মৃত্যু হয়েছে হিসাবের চেয়ে তিন গুণ বেশি। অর্থাৎ গত দুই বছরে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে ২০২০ সালের ১১ মার্চ বৈশ্বিক মহামারি হিসেবে স্বীকৃতি দেয়। সে হিসাবে কোভিড–১৯–কে মহামারি ঘোষণার দুই বছর পূর্তি হয়েছে আজ শুক্রবার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৯১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে করোনার সংক্রমণে মৃত্যু বেশি হওয়ার এ তথ্য পাওয়ার কথা বলেছেন। তাঁরা বলেছেন, কিছু মৃত্যু ঘটেছে ভাইরাসের কারণে আর কিছু মৃত্যু এর সঙ্গে সম্পর্কিত জটিলতায়। কারণ, কারও শারীরিক সমস্যা থাকলে করোনা সংক্রমণের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে দেখা যায়।

মৃত্যুর সংখ্যা বের করতে গবেষকেরা বিভিন্ন সরকারি ওয়েবসাইট, ওয়ার্ল্ড মরটালিটি ডেটাবেস, হিউম্যান মরটালিটি ডেটাবেস ও ইউরোপীয় পরিসংখ্যান অফিসের তথ্য বিশ্লেষণ করেছেন। অতিরিক্ত মৃত্যুর সংখ্যা দেশ ও অঞ্চলভেদে তারতম্য দেখেছেন তাঁরা। তবে তাঁদের হিসাব অনুযায়ী, কোভিডে প্রতি ১ লাখ জনে ১২০ জন মারা গেছেন। এ হিসাব অনুযায়ী, বিশ্বে গত দুই বছরে কোভিডে ১ কোটি ৮২ লাখ মানুষ মারা গেছেন। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী, এই মৃত্যুর সংখ্যা ৫৯ লাখ।

‘দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধ অনুযায়ী, কোভিডে মৃত্যুর হার বেশি ছিল লাতিন আমেরিকার স্বল্প আয়ের দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে। তবে ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো অধিক আয়ের দেশেও মৃত্যুহার অনেক বেশি ছিল। কোভিডে মৃত্যুহারের দিক থেকে শীর্ষে থাকা পাঁচটি দেশ হচ্ছে বলিভিয়া, বুলগেরিয়া, এসওয়াতিনি, উত্তর মেসিডোনিয়া ও লেসোগো।

সবচেয়ে কম মৃত্যুহার ছিল আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও তাইওয়ানে।
যুক্তরাজ্যে গত দুই বছরে করোনায় মৃত্যুসংখ্যা সরকারি হিসাবের কাছাকাছি ছিল। দেশটিতে গত দুই বছরে ১ লাখ ৭৩ হাজার মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন। দেশটিতে প্রতি ১ লাখে ১৩০ জন এ রোগে মারা গেছেন।

গবেষণা নিবন্ধের প্রধান লেখক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের গবেষক হেইডং ওয়াং বলেন, মহামারিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানতে পারাটা জনস্বাস্থ্যের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সুইডেন, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে চালানো গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মৃত্যুর সরাসরি কারণ ছিল কোভিড। কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গার ক্ষেত্রে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ নেই। সরাসরি কোভিডে কত মৃত্যু হয়েছে, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষকেরা আশা করছেন, টিকা ও নতুন চিকিৎসাব্যবস্থার করাণে করোনা মহামারি সম্পর্কিত মৃত্যু কমে যাবে। তবে মহামারি এখনো শেষ হয়নি বলেও সতর্ক করেছেন তাঁরা। গবেষকেরা বলছেন, করোনাভাইরাসের বিপজ্জনক নতুন ধরন আবার ছড়াতে পারে।