কর্ণাটকে তিন মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার অধিবেশন চলাকালে মুঠোফোনে অশ্লীল ভিডিওচিত্র দেখার ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন মন্ত্রী গতকাল বুধবার পদত্যাগ করেছেন। তাঁরা হলেন রাজ্যর সমবায়মন্ত্রী লক্ষণ সাদভী, নারী ও শিশু উন্নয়নবিষয়কমন্ত্রী সি সি পাতিল এবং বন্দর ও পরিবেশবিষয়কমন্ত্রী কৃষ্ণা বি পালেমার। রাজ্য বিধানসভায় এমন ঘটনা এই প্রথম।এই তিন মন্ত্রী গতকাল রাজ্যর মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি মন্ত্রীদের পদত্যাগপত্র কর্ণাটকের রাজ্যপাল এইচ আর ভরদ্বাজের কাছে পাঠালে তিনি তা গ্রহণ করেন। সমবায়মন্ত্রী লক্ষণ সাদভী সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দলকে অস্বস্তিকর পরিস্থিতিতে না ফেলতে এবং বিরোধী দলকে কোনো সুযোগ না দিতেই আমরা পদত্যাগ করেছি।’ তিনি আরও বলেন, ‘কর্ণাটকের পশ্চিমের সেন্ট মেরি দ্বীপের র‌্যাভ পার্টির নাচ নিয়ে করা একটি ভিডিও ক্লিপিং দেখছিলাম। এটা কোনো পর্নো ভিডিও ছিল না।’ বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামান নয়াদিল্লিতে বলেছেন, ‘এটা একটা লজ্জাজনক কাজ। তিন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এ ঘটনা প্রমাণের জন্য তদন্ত কমিটি গঠন করব।’গত মঙ্গলবার বিধানসভার অধিবেশন চলাকালে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে যে লক্ষণ সাদভী মুঠোফোনে পর্নোগ্রাফির একটি ভিডিওচিত্র দেখছেন। এরপর তিনি তাঁর সহকর্মী সি সি পাতিলকেও তা দেখান। আর যে মুঠোফোনে তাঁরা ভিডিওটি দেখছিলেন, তা ছিল কৃষ্ণা পালেমারের। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া অবিলম্বে ওই তিন মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দেন। পিটিআই ও এএফপি।