কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দলের চাপের মুখে অবশেষে শর্ত সাপেক্ষে পদত্যাগে রাজি হয়েছেন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আগামীকাল রোববার তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। বিজেপির এক মুখপাত্র গতকাল শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন। নিজ দলের মুখ্যমন্ত্রীর এ ঘুষ কেলেঙ্কারিতে বেকায়দায় পড়েছে রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।দিল্লিতে বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ বলেন, মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা গত বৃহস্পতিবার পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তবে এখনো কর্ণাটকের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেননি।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, অবৈধভাবে খনি খননের অনুমতির বিনিময়ে একটি কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন। তবে জ্যোতির্বিজ্ঞানে বিশ্বাসী এই মুখ্যমন্ত্রীর বিশ্বাস, ৩১ জুলাইয়ের আগে পদত্যাগ করলে তাঁর ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। জ্যোতির্বিদরা তাঁকে এ কথা বলেছেন। এ ছাড়া পদত্যাগের শর্ত হিসেবে তিনি নিজ দল বিজেপির রাজ্য শাখার সভাপতির পদ দাবি করেছেন। আর নিজ পছন্দের প্রার্থী শোহবা করন্দলাজিকে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগের দাবি তুলেছেন। তাঁর এসব দাবির কথা কর্ণাটকের সমস্যা নিরসনে কেন্দ্র থেকে যাওয়া বিজেপির নেতা ধর্মেন্দ্র প্রধানকে জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা পদত্যাগের জন্য কোনো শর্ত দেননি বলে দাবি করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা এম ভেঙ্কাইয়া নাইডু। সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল শুক্রবার ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে পরামর্শ বৈঠকের পর তিনি এ দাবি করে বলেন, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। ৩১ জুলাই ইয়েদুরাপ্পার পদত্যাগের পরদিন অর্থাৎ আগামী ১ আগস্ট নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন।খনি খাতে দুর্নীতিসংক্রান্ত এক তদন্ত প্রতিবেদনে গত বুধবার রাজ্যের ন্যায়পাল বিচারপতি সন্তোষ হেজ মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে অভিযুক্ত করেন। এএফপি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।