কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের বিনিময়ে সরকারি জমি অবৈধভাবে বিক্রির অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির পর সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা গতকাল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইয়েদুরাপ্পা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। জমি বিক্রি-সংক্রান্ত ওই মামলায় ইয়েদুরাপ্পা ছাড়াও অন্য ১৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।কর্তৃপক্ষ অভিযোগ করেছে, অবৈধভাবে জমি বিক্রির চুক্তি করায় কর্ণাটক রাজ্যের ৪৬৫ কোটি রুপি ক্ষতি হয়েছে। পক্ষান্তরে ইয়েদুরাপ্পা ও তাঁর পরিবারের সদস্যরা ১৮৯ কোটি রুপি আর্থিক সুবিধা পেয়েছেন। বিচারক এন কে সুধীন্দ্র শনিবার সকালে ইয়েদুরাপ্পাকে গ্রেপ্তারের আদেশ দেন। এ ছাড়া মামলার গুরুত্ব বিবেচনায় তাঁকে জামিন দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। শারীরিক অবস্থা বিবেচনা করে ইয়েদুরাপ্পাকে গ্রেপ্তারের আদেশ না দেওয়ার জন্য বিচারকের কাছে অনুরোধ জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। জমি বিক্রি-সংক্রান্ত ওই মামলা ছাড়াও ৩৬০ কোটি রুপির লোহাখনি দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইয়েদুরাপ্পা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি।