কর্মসংস্থান গুরুত্ব পাচ্ছে বিজেপির ইশতেহারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে জেতার লক্ষ্যে পুরোদমে মাঠে নেমে পড়েছে প্রধান রাজনৈতিক দলগুলো। ভোটারদের কাছে টানতে নির্বাচনী ইশতেহারে তুলে ধরছে নানা প্রতিশ্রুতি। ক্ষমতাসীন কংগ্রেস গতকাল বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। স্বাস্থ্য ও গরিবের জন্য আবাসনকে এবার তারা গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী সপ্তাহে তাদের ইশতেহার প্রকাশ করতে পারে। তারা কর্মসংস্থান ও নতুন নগর তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

 ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির আওতায় আগামী ১০ বছরে ২৫ কোটি নতুন চাকরির সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করবে। এ ছাড়া তাদের ১০০টি নতুন ‘স্মার্ট’ নগর প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

প্রধান বিরোধী বিজেপির একাধিক সূত্র জানায়, তাদের নির্বাচনী ইশতেহারে এসব প্রতিশ্রুতিই স্থান পাচ্ছে। আগামী সপ্তাহে এই ইশতেহার প্রকাশ করা হতে পারে।

আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় বিজেপি। নির্বাচনে পাঁচ সপ্তাহব্যাপী ভোট গ্রহণ আগামী ৭ এপ্রিল শুরু হবে।

দলীয় ইশতেহারের খসড়া প্রণয়নের সঙ্গে যুক্ত বিজেপির একজন নেতা বলেন, এবারের ইশতেহারে কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন ও অবকাঠামো নির্মাণের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সম্ভবত আগামী সপ্তাহে ইশতেহারটি প্রকাশ করা হবে।

ইশতেহারের সম্ভাব্য আরেকটি বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে একটি সাধারণ বিক্রয় কর আরোপের প্রস্তাব। এতে কর আদায়ে সাফল্যের পাশাপাশি সরকারি ভর্তুকি হ্রাসের জোরালো সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিদেশি বিনিয়োগের সুযোগ অবারিত করার আগে অভ্যন্তরীণ খুচরা ব্যবসাকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে হবে। রয়টার্স।