কর্মসূচির ইতি টানলেন কাদরি
পাকিস্তানের পার্লামেন্টের বাইরে লাখো সমর্থককে নিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ইতি টানলেন সে দেশের তেহরিক-ই-মিনহাজুল কোরআন (টিএমকিউ) দলের প্রধান তাহির-উল-কাদরি। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।দেশটির দুর্নীতিবিষয়ক নজরদারি প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টকে জানিয়েছে, কোর্টের প্রধান বিচারপতির আদেশ অনুযায়ী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেপ্তারের পক্ষে পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই। এর পরই কাদরি ওই ঘোষণা দেন। পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত মঙ্গলবার কাদরির সমর্থকেরা রাজধানী ইসলামাবাদে পৌঁছায়। কাদরি ‘দুর্নীতিগ্রস্ত’ সরকারের পদত্যাগ চেয়ে এবং সেনা ও বিচার বিভাগের প্রশংসা করে বক্তব্য দেন। ওই দিনই প্রধানমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের আদেশ দেন সুপ্রিম কোর্ট। এ ছাড়া আগামী মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বানচাল করতে সেনাবাহিনী ও বিচার বিভাগ ষড়যন্ত্র করছে বলে গুজব ছড়িয়ে পড়ে। অন্যদিকে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনা হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এএফপি।