কর্মী ধর্মঘটে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কর্মীরা গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। এতে বিমানের অনেক যাত্রা বাতিল হয়ে যায়। অনেক যাত্রায় বিলম্বও ঘটে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহান।ইউরোপের তৃতীয় ব্যস্ততম এ বিমানবন্দরের প্রায় ২০০ জন কর্মী বেতন-ভাতা নিয়ে দ্বিতীয় দিনের মতো এ ধর্মঘট পালন করছেন।বিমানবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের একজন মুখপাত্র জানান, গত বৃহস্পতিবার কর্মীদের প্রথম দফায় সাত ঘণ্টার কর্মবিরতির কারণে ১৭২টি বিমান গন্তব্যে উড়ে যেতে পারেনি। তিনি জানান, গতকাল স্থানীয় সময় সকাল আটটায় আবার কর্মবিরতি শুরু করেন কর্মীরা।স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত এ কর্মবিরতি চলার কথা। ফ্রাপোর্টের মুখপাত্র জানান, পরিস্থিতি মোকাবিলায় তাঁরা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। তাঁরা ৫০ শতাংশের বেশি ফ্লাইটের ওঠা-নামা নিশ্চিত করতে পারবেন বলে আশা করছেন।জার্মান বিমান সংস্থা লুফথানসা জানায়, শুক্রবার তারা ২৫০টি ফ্লাইট বাতিল করবে। এর আগের দিন সংস্থাটি ১০০টি ফ্লাইট বাতিল করে।ফ্রাপোর্ট কর্মীদের বেতন-ভাতা নিয়ে একটি মধ্যস্থতা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কর্মীরা এ কর্মবিরতির ডাক দেন। এএফপি।