কর্মীদের ওপর বসদের নজরদারি বাড়ছে
কর্মক্ষেত্রে নজরদারির বিষয়টি একেবারে নতুন কিছু নয়। ১৮ শতকে যুক্তরাজ্যের বিভিন্ন কারখানায় শ্রমিকদের নজরদারি করতে কর্মকর্তা নিয়োগ করা হতো। বিভিন্ন দোকানে কর্মী ও ক্রেতাদের নজরদারি করতে সিসি ক্যামেরা লাগানোর বিষয়টিও নতুন নয়। কিছু কারখানা ও গুদামে কাজের ক্ষেত্রে কর্মীরা টয়লেটে গিয়ে দেরি করলেও নজরদারি করা হয়। যাঁরা বড় প্রতিষ্ঠানে বড় পদে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরা হয়তো জানেন না তাদের ওপরেও ব্যাপক নজরদারি করা হয়। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট এক প্রতিবেদনে কর্মক্ষেত্রে নজরদারি বিষয়টি সামনে এনেছে।
করোনা মহামারির কারণে বিশ্বের অনেক দেশেই কর্মীদের বাড়ি বসে কাজের সুযোগ বা ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দেওয়া হয়। এটিই অনেক কর্মীর জন্য গলার ফাঁস হয়েছে। এ কারণে কর্মীদের ওপর নজরদারি বেড়েছে। অফিসের বাইরে বসে কর্মীরা ঠিকমতো কাজ করছে কি না, তা বোঝার জন্য ওয়ার্ক ফ্রম হোম নীতিমালা চালু করে অনেক প্রতিষ্ঠান। এতে কর্মীর ওপর সার্বক্ষণিক নজরদারি করার বিষয়টি তারা শর্ত হিসেবে আদায় করে নেয়। এ চিত্রটি কিছু পরিসংখ্যান দেখলে সহজেই সামনে ভেসে উঠবে।
অনেক সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায় থেকে কর্মীর ওপর ভিডিও নজরদারি করা হচ্ছে। এর বাইরে কিছু নজরদারির টুল বা সফটওয়্যার প্রোগ্রাম কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীর ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত বিভিন্ন ডিভাইসে সারা দিন সব সময় নজরদারি করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, করোনা মহামারির আগে প্রতি ১০টি বড় প্রতিষ্ঠানের মধ্যে অন্তত একটিতে নজরদারি সফটওয়্যার (স্পাইং সফটওয়্যার) ছিল। প্রতিষ্ঠানটি এখন বলছে, আগামী তিন বছরের মধ্যে বড় প্রতিষ্ঠানগুলোর ৭০ শতাংশই নজরদারির সফটওয়্যার ব্যবহার করবে।
ইকোনমিস্ট জানায়, এখন প্রতিষ্ঠানপ্রধানদের কাছে প্রচুর তথ্য থাকে। এসব তথ্য বিশ্লেষণ করে সহজেই কর্মীদের ডিজিটাল নানা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার সুযোগ থাকে। এ ছাড়া বহুল প্রচলিত সফটওয়্যার ব্যবহার করেও কর্মীদের তথ্যে নজরদারি করতে পারেন কর্মকর্তারা। এ ক্ষেত্রে গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট টিমস বা স্ল্যাকের মতো সফটওয়্যার প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কর্মীরা কখন কী কাজ করছে বা এসব প্ল্যাটফর্মে কতগুলো কলে কর্মী সাড়া দিয়েছেন, তা দেখার সুযোগ করে দেয়। এ ছাড়া আধুনিক প্রযুক্তি ও মোশন সেন্সর যুক্ত কর্মীদের জন্য তৈরি ব্যাজ ও মাইক্রোফোনে বিশেষ নজরদারি সুবিধা প্রতিষ্ঠান প্রধানের কাছে সব তথ্য জানিয়ে দিতে পারে।
প্রযুক্তিগত এসব নজরদারি সুবিধার কাছে কর্মক্ষেত্র ও বাড়ির কাজের মধ্যে যে সীমা, তা অতিক্রম করছে। অনেক সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায় থেকে কর্মীর ওপর ভিডিও নজরদারি করা হচ্ছে। এর বাইরে কিছু নজরদারির টুল বা সফটওয়্যার প্রোগ্রাম কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীর ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত বিভিন্ন ডিভাইসে সারা দিন সব সময় নজরদারি করা হচ্ছে।
কর্মীর ওপর প্রতিষ্ঠানের এই নজরদারির বিষয়টি আইনের মাধ্যমে মানিয়ে নেওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্মীদের ওপর ইলেকট্রনিক কোনো নজরদারি করতে হলে তাদের আগেই তা জানাতে হয়। নতুন এই আইন ৭ মে প্রচলন করা হয়েছে।
কানেটিকাট ও ডেলাওয়ারে একই নিয়ম। ক্যালিফোর্নিয়ায় কর্মীদের ওপর নজরদারি ঠেকাতে নতুন ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা (প্রাইভেসি প্রটেকশন) আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আওতায় কারও ওপর ডিজিটাল নজরদারি করতে হলে আগে জানাতে হবে।
ইউরোপিয়ান ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের মাধ্যমে কর্মীদের অধিকার সুক্ষায় কিছু সাধারণ নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু প্রযুক্তির দ্রুত উন্নতি ও আইনের ক্ষেত্রে এগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরই সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
এখন তারা বাড়িতে বসে যাঁরা কাজ করছেন, তাদের নজদারির দিকে বেশি ঝুঁকছে। তারা নতুন নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এক্ষেত্রে নতুন প্রযুক্তি গ্রহণ ও কর্মীদের সুরক্ষার বিষয়ে স্পষ্ট সীমারেখা তৈরি এখন সময়ের দাবি।
কর্মক্ষেত্রে নজরদারি ভালো নাকি খারাপ, তা নিয়ে বিতর্ক থাকবে। তবে কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে নজরদারির জন্য পুরোপুরি বৈধ কারণ রয়েছে। অনেক কাজের ক্ষেত্রে নিরাপদ থাকা, নিরাপত্তা নিশ্চিত করা ও নিয়ম মানার বিষয়টি ঠিকঠাক হচ্ছে কি না, তা জানতে নজরদারি প্রয়োজন। ইনভেস্টমেন্ট ব্যাংকের ব্যবসায়ীদের অভ্যন্তরীণ লেনদেন রোধ করার জন্য নজরদারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল-মিডিয়া মডারেটরদের সিদ্ধান্তগুলোর ধারাবাহিকতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য রেকর্ড রাখতে হয়। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহককে পণ্য ও সেবার উন্নত অভিজ্ঞতা দিতে গ্রাহক আচরণসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে।
পেশাদার কর্মীরা বিভিন্ন সফটওয়্যার ও প্রোগ্রাম ব্যবহার করে কর্মীদের উৎপাদনশীলতা ও তাদের সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা নজরে রাখে। এসব সম্পদের মধ্যে রয়েছে মানবসম্পদ ব্যবহারের মতো বিষয়টিও। এসব প্রোগ্রাম ব্যবহার করে ভবিষ্যতে কর্মীর অসদাচরণ, হয়রানি বা নিপীড়নের উৎস জানা যাবে। এ ছাড়া কর্মীদের মধ্যে ভালো আচরণ শনাক্তের বিষয়টিও জড়িত এতে।
নজরদারির কুফলটাও সহজেই চোখে ধরা পড়ে। ক্ষমতাধর ব্যবস্থাপকদের এই নজরদারির টুলগুলো অপব্যবহারের বিষয়টিও সবার জানা। তারা কাজের দক্ষতা বাড়ানো ও নিয়মনীতি মানা হচ্ছে কি না, তা দেখার কথা বলে ক্ষমতার অপব্যবহার করে থাকেন।
এখনকার অনেক শ্রমিক স্পষ্টতই চুক্তিবদ্ধ থাকেন না। অনেক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত নজরদারির ফলে কর্মীর মানসিক চাপ ব্যাপক হারে বেড়ে যায়। নজরদারি সফটওয়্যারের অ্যালগরিদমকে অনেক সময় পক্ষপাতমূলক তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া থাকে। এতে তারা কর্মীদের সঠিক মূল্যায়ন করে না। এতে বৈষম্য ব্যাপকহারে বেড়ে যেতে পারে। একটি বিশ্লেষণে যেমন দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু প্রোগ্রাম শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের চেহারায় বেশি ক্রোধের বিষয়টি তুলে ধরে থাকে।
এখন প্রশ্ন হচ্ছে, কর্মক্ষেত্রে নজরদারি বিষয়ে কী করা উচিত? বিশ্লেষকেরা বলেন, এ ক্ষেত্রে আইন হচ্ছে। আইনের চর্চার সঙ্গে কিছু নীতি মেনে কর্মক্ষেত্রে নজরদারি করা উচিত। নিউইয়র্কের আইন অনুযায়ী যেমন, নজরদারি করার আগে কর্মীদের সম্পূর্ণভাবে অবহিত করতে হবে। অনেক প্রতিষ্ঠান এখন যেমন নজরদারি করার পদ্ধতিও জানিয়ে দেয়। এ ছাড়া কী কী তথ্য সংগ্রহ করা হচ্ছে তা–ও কর্মীকে বলে দেয়।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের অবশ্যই নজরদারি করার বৈধ কারণ থাকতে হবে। যদিও আইন ও এর চর্চা অনুযায়ী সীমারেখা টানার বিষয়টি সময়সাপেক্ষ, তবু্ও নজরদারি যেন সমানুপাতিক হয়, তা–ও দেখতে হবে। কর্মীর ব্যক্তিগত ডিভাইসে নিয়োগদাতার ঢোকার সুযোগ যেন না থাকে। এ ছাড়া প্রোগ্রাম, সফটওয়্যার বা টুলের মাধ্যমে কোনো ব্যক্তির পর্যালোচনা হওয়া নয়।
নজরদারির ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা তৈরি করা সহজ নয়। তবে নজরদারির সম্ভাব্য অপব্যবহার নিয়ে শঙ্কা বাড়তেই থাকবে। তাই এখনই সময় নজরদারির ক্ষেত্র কিছু সীমারেখা টেনে দেওয়ার।
ইকোনমিস্ট অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন মো. মিন্টু হোসেন