কর্মীর জীবন বাঁচাতে...
রেস্তোরাঁর এক নারী কর্মীর জীবন রক্ষায় মনিব তাঁর রুটিরুজির ওই অবলম্বনটিই বিকিয়ে দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ঘটনা এটি।
ইতিহাসে মনিবের প্রতি ভৃত্যের আনুগত্য ও ভালোবাসার অনেক নজিরই আমরা দেখতে পাই। তবে ভৃত্যের প্রতি মনিবের ভালোবাসার নজির তেমন দেখা যায় না।
এমনই এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করতে যাচ্ছেন ওই রেস্তোরাঁর মালিক। তাঁর রেস্তোরাঁয় কর্মরত এক খাবার পরিবেশনকারীর (ওয়েট্রেস) মস্তিষ্কে অস্ত্রোপচারের খরচ জোগাতে তিনি নিজের রেস্তোরাঁটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, রেস্তোরাঁর কর্মী ব্রিটানি ম্যাথিসের মস্তিষ্কে গত ডিসেম্বর মাসে পিং-পং বল সাইজের একটি টিউমার ধরা পড়ে। চিকিত্সক জানান, অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করতে হবে। ব্যয়বহুল সেই অস্ত্রোপচারের খরচ জোগানো ছা-পোষা এই কর্মচারীর সাধ্যাতীত। এমনকি তাঁর কোনো স্বাস্থ্যবিমাও নেই। তাই অস্ত্রোপচার নিয়ে চোখে অন্ধকার দেখেন ব্রিটানি ও তাঁর স্বজনেরা।
এমন সময় তাঁদের আশার বাণী শোনান রেস্তোরাঁর মালিক মাইকেল ডি বেয়ার। তিনি ঘোষণা দেন, ব্রিটানির অস্ত্রোপচারের খরচ জোগাতে প্রয়োজনে নিজের রেস্তোরাঁটি বিক্রি করে দেবেন। বেয়ার দেশটির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি চুপচাপ বসে থেকে এটি ঘটতে দিতে পারি না।’
ব্রিটানির মা বারবারা ম্যাথিস একই রেস্তোরাঁয় কাজ করেন। তাঁর মতে, রেস্তোরাঁর মালিক তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন।
এর আগে ২০০০ সালে ব্রিটানির স্বামী জন ম্যাথিস মস্তিষ্কে টিউমার-সংক্রান্ত রোগে ভুগে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।