কলকাতা-ঢাকা বিলাসতরি চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের চাহিদা বিবেচনা করে কলকাতা ও ঢাকার মধ্যে একটি বিলাসবহুল জাহাজ বা বিলাসতরি চালানোর উদ্যোগ নিয়েছে কলকাতার একটি বেসরকারি নৌপরিবহন সংস্থা। গতকাল সোমবার কলকাতা থেকে বেনারস পর্যন্ত বিলাসবহুল জাহাজ এমভি বেঙ্গল গঙ্গা চালু করার অনুষ্ঠানে এ কথা বলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র।
এ উপলক্ষে কলকাতার মিলেনিয়াম পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মদন মিত্র জানান, এমভি বেঙ্গল জাহাজটিতে রেস্তোরাঁ, স্পা, গ্রন্থাগার এবং সানবাথ নেওয়ার ব্যবস্থা আছে। আছে ২৮টি ঘরে ৫৮ জন পর্যটকের থাকার ব্যবস্থা। এই বিলাসতরিতে বেনারস যেতে সময় লাগবে ১২ দিন। আর কলকাতা ফিরতে সময় লাগবে ১০ দিন।
ওই জাহাজটি চালানোর লক্ষ্যে রাজ্যের ভূতল পরিবহন নিগমের সঙ্গে একটি চুক্তি হয় বেসরকারি পরিবহন সংস্থা হেরিটেজ রিভার ক্রুজেস লিমিটেডের।
হেরিটেজের কর্মকর্তা রাজ সিং জানান, তাঁরা বাংলাদেশের সঙ্গে এই নৌ পরিষেবা চালুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন। আর মন্ত্রী মদন মিত্র বলেন, ‘কলকাতা-ঢাকার মধ্যে নৌপথে যাত্রা শুরু হলে আমি পরিবার নিয়ে রাজশাহী ও চট্টগ্রামে যাব।’