কলকাতা থেকে সিপিএমের ভারত-যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানিসহ বিভিন্ন ধরনের দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, ভূমিহীনদের জমি প্রদান, সব মানুষকে প্রতি কেজি দুই রুপি মূল্য ধরে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য প্রদানসহ বিভিন্ন দাবিতে ভারতব্যাপী প্রচারাভিযান শুরু করেছে সিপিএম। এর নাম দেওয়া হয়েছে ভারত-যাত্রা বা জাঠা। ভারতের চার প্রান্ত—কন্যাকুমারী, পাঞ্জাব, মুম্বাই ও কলকাতা থেকে চারটি দল এই ভারত-যাত্রা শুরু করবে। ১৯ মার্চ দল চারটি রাজধানী দিল্লিতে পৌঁছাবে। ওই দিন দিল্লির রামলীলা ময়দানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল শুক্রবার সকালে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয় পূর্বাঞ্চলের এই যাত্রা। এতে কলকাতার পাশাপাশি যোগ দিয়েছে আসাম ও ওডিশা থেকে আসা আরও দুটি দলও। যাত্রার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কন্যাকুমারী থেকে ভারত-যাত্রা শুরু হয়। আর ৪ মার্চ পাঞ্জাবের অমৃতসর শহরের জালিওয়ানওয়ালাবাগ থেকে এবং ৮ মার্চ মুম্বাই থেকে ভারত-যাত্রা শুরু হবে। এই ভারত-যাত্রার সময় পথে পথে সিপিএমের নেতারা নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি নিয়ে প্রচার-প্রচারণা চালাবেন। এসব দাবিতে তাঁরা প্রচারপত্র বিলি করবেন। এই যাত্রা বা জাঠা গোটা ভারতে ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ১৯ মার্চ রাজধানী দিল্লিতে পৌঁছাবে।