কলকাতা বইমেলার উদ্বোধন, যোগ দিয়েছে ৬৫০টি প্রকাশনা সংস্থা
কলকাতার মিলনমেলা ময়দানে গতকাল সোমবার বিকেলে কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন মেক্সিকোর বিশিষ্ট লেখক, নোবেল বিজয়ী জর্জ ভলপি। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে এই বইমেলা ৩৪ বছরে পা দিয়েছে। এবারের বইমেলায় বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থাসহ দেশ-বিদেশের ৬৫০টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। উদ্বোধনী ভাষণে জর্জ ভলপি বলেন, বইমেলায়ই বিশ্ববন্ধন সুদৃঢ় করে। সংস্কৃতির বন্ধন জোরদার করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জ্যামি নুয়ালার্ট প্রমুখ। ২৯ জানুয়ারি বইমেলায় উদ্যাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে বইমেলা ময়দানের ইউবিআই মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের উপন্যাস: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়ন এবার গড়া হচ্ছে ঢাকার বাংলা একাডেমী ভবন বর্ধমান হাউসের আদলে।এদিকে আগামী বছর জাতিসংঘের উদ্যোগে গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ বা ১৫০ বছর পূর্তি উত্সব। আর এ উদ্দেশ্যেই এবার কলকাতা বইমেলাও উত্সর্গ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশে। বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইডেন, স্পেন, ব্রাজিল, ভিয়েতনামসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ বইমেলায় অংশ নিয়েছে। বইমেলায় এই প্রথম যোগ দিচ্ছে মঙ্গোলিয়া, কানাডা ও চীন।