কলকাতা বইমেলার উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করা হবে। এবার এই বইমেলা ৩৪ বছরে পা দিয়েছে। প্রকাশনা সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত এবারের বইমেলার থিম কান্ট্রি মেক্সিকো। কলকাতা সায়েন্স সিটির পাশে মিলনমেলা ময়দানে মেলার উদ্বোধন করবেন মেক্সিকোর বিশিষ্ট লেখক জর্জ ভলপি।আগামী বছর জাতিসংঘের উদ্যোগে গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর পূর্তি উত্সব। আর তাই এবার কলকাতা বইমেলাও উত্সর্গ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশে। এবারের বইমেলায় বাংলাদেশের ২৫টি প্রকাশনা অংশ নিচ্ছে। ২৯ জানুয়ারি বইমেলায় উদ্যাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে বইমেলা ময়দানে ইউবিআই মিলনায়তনে ’মুক্তিযুদ্ধের উপন্যাস: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইডেন, স্পেন, ব্রাজিল, ভিয়েতনামসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ বইমেলায় যোগ দিচ্ছে। কলকাতা বইমেলায় এই প্রথম যোগ দিচ্ছে মঙ্গোলিয়া, কানাডা ও চীন।