কলকাতা বইমেলায় থাকছে বাংলাদেশের ৩১ প্রকাশনা সংস্থা

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ৩৮তম কলকাতা আন্তর্জাতিক বই উত্সবে যোগ দিয়েছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা। কাল বিকেল সাড়ে চারটার দিকে কলকাতার মিলনমেলা ময়দানে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন পেরুর সংস্কৃতিমন্ত্রী ও প্রাবন্ধিক প্যাট্রেশিয়া বালগুয়েনা প্যালাসিওস, সাহিত্যিক রডলফ ইনস্ট্রোজা ক্লসেন ও ফ্রান্সেসকা ডেনেগ্রি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি। মেলায় এবার বাংলাদেশসহ ২৯টি দেশ অংশ নিচ্ছে। আজ বিকেলে মিলনমেলা ময়দানে এক সাংবাদিক সম্মেলনে বইমেলার নির্ঘণ্ট ঘোষণা করা হয়। বইমেলার আয়োজক কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। কলকাতা বইমেলায় আগামী ৫ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন বিকেলে মিলনমেলা ময়দানের বইমেলা মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’ শীর্ষক এক আলোচনা সভার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মূল প্রবন্ধ পাঠ করবেন কবি ও বাংলাদেশের শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি রশীদ হায়দার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, কবি নির্মলেন্দু গুণ, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ। আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের শিল্পীরা।
এবারের বইমেলার যোগ দেওয়া বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থার মধ্যে সাতটি সরকারি সংস্থা। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে।
বইমেলায় সদ্য প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের সম্মানে তৈরি করা হয়েছে একটি বিশেষ প্যাভিলিয়ন। এবারের বইমেলায় সব মিলিয়ে স্টল থাকছে ৮০০টি।