কলকাতায় ট্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে কলকাতায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। তাঁর নাম মহম্মদ রফিক সরকার। তাঁর বাড়ি কুমিল্লায়।

গতকাল সোমবার রাত আটটার দিকে কলকাতার দমদম ও বিধাননগর স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে আহত অবস্থায় রফিককে উদ্ধার করেন রেলওয়ে পুলিশ ও রেলের এক কর্মী। রাতেই তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রফিকের ডান পায়ের গোড়ালি রেলে কাটা পড়েছে। রফিক একজন গায়ক বলে জানা গেছে। রফিকের কাছে পাওয়া গেছে বাংলাদেশের পাসপোর্ট, একটি মুঠোফোন ও কিছু বাংলাদেশি টাকা। তিনি আজমির থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে ফিরছিলেন।