কলকাতায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী মহামিছিল
সাম্রাজ্যবাদবিরোধী আন্তর্জাতিক শান্তি দিবস সামনে রেখে কলকাতা শহরে গতকাল রোববার দুপুরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী ‘মহামিছিল’ বের করে বামফ্রন্ট। রানী রাসমণি রোড থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে।
মহামিছিল থেকে ‘মার্কিন আগ্রাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার ডাক দেওয়া হয়। বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ এখন এশিয়ায় ঘাঁটি করতে চেষ্টা করছে।
সিরিয়াতে থাবা বসাতে চাইছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে শরিক হতে হবে। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। অংশ নেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রসহ বামফ্রন্টের শরিক দলের নেতারা।
মিছিল শেষে দেশবন্ধু পার্কে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বামফ্রন্টের নেতারা। সভায় সাম্রাজ্যবাদবিরোধী লড়াই জোরদার করার আহ্বান জানানো হয়। বক্তারা ‘যুদ্ধবাজ’ মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে সিরিয়ায় হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং বিশ্বে শান্তি স্থাপনের ডাক দেন। এদিন বিকেলে একইভাবে আরেকটি মহামিছিল অনুষ্ঠিত হয়েছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে। সেখানেও একই দাবি ওঠে।