কলকাতার গণমাধ্যমে ফলাও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর একজন পোশাককর্মীর জীবিত উদ্ধারের খবরটি আজ শনিবার কলকাতার গণমাধ্যম ফলাও প্রকাশ করেছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন বাংলা, ইংরেজি ও হিন্দি দৈনিকে এ ঘটনাকে অভূতপূর্ব, অবিশ্বাস্য ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক ‘আনন্দবাজার’ পত্রিকা খবরটি ছেপেছে প্রথম ও পঞ্চম পাতায়। খবরের শিরোনাম ‘অবিশ্বাস্য রক্ষা—ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন রেশমা’। সঙ্গে তিন কলামজুড়ে রঙিন ছবি। দৈনিক ‘এই সময়’ শিরোনাম করেছে ‘১৭ দিন পর প্রাণের খোঁজ মিলল ধসে পড়া রানা প্লাজায়’। দৈনিক ‘বর্তমান’ পত্রিকায় চার কলামজুড়ে প্রকাশিত খবরের শিরোনাম ‘বাংলাদেশে ভেঙে পড়া সেই বহুতলের নিচ থেকে ১৬ দিন পর উদ্ধার মহিলা’, সঙ্গে ছবি। দৈনিক ‘আজকাল’ খবরটি ছবিসহ ছেপেছে চার কলামজুড়ে। শিরোনাম ‘অবিশ্বাস্য! সাভারের ধ্বংসস্তূপে ১৭ দিন পর উদ্ধার জীবিত তরুণী’। ‘সংবাদ প্রতিদিন’ প্রথম পাতায় ছেপেছে খবরটি। খবরের শিরোনাম করেছে ‘১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্য উদ্ধার’। বাংলা দৈনিক ‘স্টেটসম্যান’-এর শিরোনাম ‘সতের দিন পর পুনর্জীবন রেশমার’। দৈনিক ‘এবেলা’ সংবাদটি ছেপেছে ছবিসহ তিন কলামজুড়ে। শিরোনাম করেছে ‘চাঙর সরিয়ে নিচে নামছি আর চিত্কার করছি বাঁচাও বাঁচাও’।

প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ খবরটি ছেপেছে প্রথম ও দ্বিতীয় পাতায়। প্রথম পাতায় এটি ছাপা হয়েছে দ্বিতীয় প্রধান খবর হিসেবে। ছবিসহ তিন কলাম আর দ্বিতীয় পাতায় ছবিসহ ছয় কলামজুড়ে খবরটি ছাপা হয়েছে। প্রথম পাতার শিরোনাম ‘রেশমা বিটস রাবল’। ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ ছবিসহ তিন কলামজুড়ে ছেপেছে খবরটি। শিরোনাম ‘১৭ ডেজ অন, উইম্যান পুল্ড অ্যালাইভ ফ্রম বাংলা ফ্যাক্টরি রাবল’। কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলও সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।