কলকাতার বাসে প্রতিবন্ধী নারীকে হেনস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্টবেলায় আগুনে শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে যায় ওই নারীর। এরপর থেকে চলতে-ফিরতে প্রায় অক্ষম। তাই বলে দমে যাননি। সামাজিক সাম্যের লক্ষ্যে লড়ছেন, চালাচ্ছেন একটি বেসরকারি সংস্থা। এই নারী গণপরিবহনে উঠে বাসের কর্মীদের হাতে অমানবিকভাবে হেনস্তা হয়েছেন।

গতকাল মঙ্গলবার কলকাতায় বাসভর্তি লোকজনের সামনে এ ঘটনা ঘটে। কাজের প্রয়োজনে ওই নারীকে গণপরিবহনে উঠতে হয় প্রতিনিয়ত। তাই সরকারের পক্ষ থেকে তাঁকে বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধার্থে একটি কার্ড দেওয়া হয়। কার্ডটি গতকালও ছিল তাঁর সঙ্গে। কলকাতার ওই নারী তাঁর ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে গতকাল বিকেলে বাসে উঠলে ভাড়া নিয়ে ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় তাঁকে। বাসভর্তি মানুষ থাকলে কেউ তাঁকে তেমন সহযোগিতা করেননি। অবশেষে পুলিশের দারস্থ হতে হয় তাঁকে। হেলপলাইনে ফোন করলে একজন পুলিশ কর্মকর্তা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

ওই নারী গতকাল বিকেলে তাঁর মেয়েকে নিয়ে নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক কুইজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ ছাড়া সেখানে তাঁর প্রতিষ্ঠানের হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি করা হয়।

বাসচালকের সহকারী কমল ধালি এ সময় তাঁর কাছে ভাড়া চাইলে তিনি কার্ড দেখান এবং মেয়ের জন্য ভাড়া দেন। কিন্তু কমল ওই নারীকে ভাড়া দিতে চাপ দেন এবং না দিলে নির্দিষ্ট স্থানে না নামানোর হুমকি দেন। ওই সময় বাসে তখনো শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ আসনটি ফাঁকাই ছিল।

ওই নারীর ভাষ্য, ‘আমি বারবার আমাদের বাবুঘাটে নামাতে বলছিলাম। কিন্তু চালক ও সহকারী বলেন, ভাড়া না দিলে তাঁরা আমাদের নামতে দেবেন না। বেশির ভাগ যাত্রীই বাবুঘাটে নেমে গিয়েছিল। আমি নামতে গেল আমাকে ধাক্কা দিয়ে বাসের ভেতরে ফেলে দেওয়া হয় এবং দ্রুতগতিতে বাসটি চালানো হয়। তাঁরা বলতে থাকে, আমাদের শেষ স্টেশন হাওড়ায় নিয়ে যাবে।’

ওই নারী বলেন, ‘সম্প্রতি বাসে কয়েকটি ধর্ষণের ঘটনায় আমি খুব ভয় পেয়ে যাই। এ সময় আমি লালবাজার পুলিশ লাইনে ফোন করি। তবে কোনো উত্তর পাইনি। অন্য এক যাত্রীও চেষ্টা করে কাউকে পায়নি।’

একজন তদন্ত কর্মকর্তা জানান, ওই নারী প্রতিবাদ করলেও কোনো যাত্রী তাঁর সহযোগিতায় এগিয়ে আসেননি।

পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পল্লব কান্তি ঘোষ জানান, বাসটি হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তাঁদের নামতে বলা হয়। কিন্তু ওই নারী সে সময় বলেন, তাঁকে সব পথ ঘুরে নেতাজী স্টেডিয়ামে যেতে হবে। এ সময় বাসের চালক অজিত ভূইয়া ও সহকারী তাঁদের বাসে থাকতে বলে এবং নানা রকম হুমকি দিতে থাকে। যখন ওই নারী পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন দেন, তখন বাসটি ফিরতি পথে ছিল। পুলিশ ব্রাবোর্ন রোড-ক্যানিং স্ট্রিট পেরোনোর সময় বাসটির গতিরোধ করে চালক ও সহকারীকে গ্রেপ্তার করে।

ওই নারী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘লালবাজার পুলিশ স্টেশন থেকে পরে আমাকে ফোন করে। বাসটি ঠিক কোথায় আছে, জানতে চেয়ে তারা আমাকে বাস থেকে নামতে নিষেধ করে। তারা জানায়, কয়েক মিনিটের মধ্যে পুলিশের একটি দল সেখানে পৌঁছাবে। এদিকে বাসের চালক গতি বাড়িয়ে দেয় এবং আমাদের নানা রকম বিদ্রূপ করতে থাকে। আমার মেয়ে ভয়ে কাঁদতে থাকে। কিন্তু এরই মধ্যে আমি মোটরসাইকেলে এক পুলিশ সদস্যকে গাড়িটিকে তাড়া করতে দেখতে পাই। আর সেই পুলিশ কর্মকর্তাকে দেখতে পেয়ে তাঁরা আমাকে গাড়ি থেকে ফেলে দিতে চেয়েছিল।’

ওই নারী বলেন, ‘পরে সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগ দেয় লালবাজার পুলিশের একটি দল। আমি তাঁদের ক্ষমা করতে চাই কি না, পুলিশ জানতে চাইলে আমি বলি, “না, আমি যদি আজ ফিরে যাই, তাহলে কাল তারা একই আচরণ করবে। আমি তাদের শিক্ষা দিতে চাই। পরে আমি বাবুবাজার থানায় একটি এফআইআর করি।”’

পুলিশ গ্রেপ্তার করা ওই দুজনের বিরুদ্ধে উত্পীড়ন, ভয় দেখানো এবং অবৈধভাবে আটকে রাখার অভিযোগ এনেছে। একই সঙ্গে বাসমালিককেও থানায় হাজির হতে বলা হয়েছে।