কলকাতার বেসরকারি হাসপাতালকে ১০ লাখ রুপি জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ডিসান হাসপাতাল
ছবি: ভাস্কর মুখার্জি

করোনার চিকিৎসার নামে অমানবিক আচরণ ও গাফিলতির অভিযোগে কলকাতার বেসরকারি ডিসান হাসপাতালকে ১০ লাখ রুপি জরিমানা করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। একই সঙ্গে কলকাতার সল্টলেকের আনন্দলোক হাসপাতালের লাইসেন্স বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন তলব করেছে এসএস নার্সিংহোমকেও। গতকাল বুধবার ভিডিও কনফারেন্সে শুনানি গ্রহণের পর স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন।
নির্দেশে বলা হয়, ডিসানের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই হাসপাতাল রোগী ভর্তিতে কোনো টাকা অগ্রিম হিসেবে নিতে পারবে না। আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার ১০ লাখ রুপি দুই দফায় কমিশনে জমা দিতে হবে। এই বিচারের সুরাহার পর ওই টাকা কাকে কীভাবে দেওয়া হবে, তার সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য কমিশন। তাই এই মামলার তদন্ত যত দিন ধরে চলবে, তত দিন ডিসান হাসপাতাল রোগী ভর্তিতে কোনো অগ্রিম নিতে পারবে না।

চেয়ারম্যান এদিন তাঁর নির্দেশ দিতে গিয়ে এই মন্তব্যও করেন, ‘চিকিৎসার নামে রাজ্যের বেশ কিছু বেসরকারি হাসপাতালে রীতিমতো লুটতরাজ চলছে। কোভিড পরিস্থিতি না থাকলে এই হাসপাতাল অবিলম্বে সিল করে দেওয়া হতো। তবে চেয়ারম্যান ডিসানকে সতর্ক করে দেন, কোনো রোগীর থেকে আপাতত অগ্রিম নিতে পারবে না। পাশাপাশি এ কথাও বলা হয়, ডিসান হাসপাতালের বক্তব্য হলফনামার মাধ্যমে পরবর্তী শুনানির আগে পেশ করতে হবে স্বাস্থ্য কমিশনে।
আনন্দলোক হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে ৩ লাখ রুপি জরিমানা করে স্বাস্থ্য কমিশন। আনন্দলোক ১ লাখ রুপি জমা দিয়ে জানিয়ে দেয়, তারা আর টাকা দিতে পারবে না। এই ঘটনায় ক্ষুব্ধ চেয়ারম্যান আনন্দলোকের সব শাখার লাইসেন্স বাজেয়াপ্ত করার ঘোষণা দেন।
৮ আগস্ট শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের বাড়ি থেকে কলকাতার পার্ক সার্কাসের একটি বেসরকারি এসএস চ্যাটার্জি নার্সিংহোমে ভর্তি করানো হয় এক বৃদ্ধা লায়লা বিবিকে (৬০)। ওই নার্সিংহোমে ভর্তি করানোর পর তাঁকে রাখা হয় নিবিড়

আনন্দলোক হাসপাতাল
ছবি: ভাস্কর মুখার্জি

পরিচর্যাকেন্দ্রে বা আইসিইউতে। পরে ওই বৃদ্ধার সোয়াব পরীক্ষা করা হলে তাঁর করোনার পজিটিভ রিপোর্ট আসে। এরপরই ওই নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাদের ওই নার্সিংহোমে করোনার চিকিৎসার ব্যবস্থা নেই। এরপরই তাঁকে ভর্তি করানোর জন্য কলকাতার বাইপাসের ডিসান হাসপাতালে নিয়ে আসেন ওই বৃদ্ধার ছেলে নাজিম খান। সেখানে একটি সিট বুক করে ৮০ হাজার রুপি জমা দেন। এর আগে তিনি পার্ক সার্কাসের ওই নার্সিংহোমে ৯০ হাজার রুপির বিল পরিশোধ করে মাকে ছাড়িয়ে আনেন তিনি।
৮০ হাজার রুপি জমা দেওয়াকালীন ডিসান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ৩ লাখ রুপি জমা না দিলে তাঁকে ভর্তি করানো যাবে না। এরপরই ওই বৃদ্ধার ছেলে ১২ ঘণ্টার সময় চান। বলেন ওই সময়ের মধ্যে তিনি বাকি টাকা পৌঁছে দেবেন। তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডের ওই দিনের টাকা তোলার ঊর্ধ্বসীমা পার হয়ে গেছে। এ কথায় রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

তবুও রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আসেন ডিসান হাসপাতালে তাঁর ছেলে নাজিম খান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বাকি টাকা না দেওয়া পর্যন্ত তাঁকে অ্যাম্বুলেন্সেই শুইয়ে রাখে। ইতিমধ্যে ওই বৃদ্ধার আরেক ছেলে লতিফ খান আবুধাবি থেকে হাসপাতালের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ রুপি পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপে সেই খবর জানিয়ে দেন নাজিম খানের দাদা লতিফ খান। সেই মেসেজ দেখালেও তাতে হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হয়নি। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান ওই বৃদ্ধা। পরে জানা যায়, রাত ৯টা ১৯ মিনিটে হাসপাতালের ব্যাংক হিসাবে ওই ২ লাখ রুপি জমা হয়েছে।
এই অমানবিকতার কথা কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশ পেলে নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। কারণ আগেই স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ ৫০ হাজার রুপি অগ্রিম নিয়ে হাসপাতালে রোগী ভর্তি করাতে হবে। সেই টাকা যদি রোগী জোগাড় করতে না পারেন, তবে তাঁকে ১২ ঘণ্টার সময় দিতে হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্যই করেছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে ডিসান হাসপাতাল ও এসএস চ্যাটার্জি নার্সিংহোমের বিরুদ্ধে দুটি মামলা করে। ইতিমধ্যে এসএস চ্যাটার্জি নার্সিংহোমকে তলব করেছে স্বাস্থ্য কমিশন।