কলকাতার হাসপাতালে দুই দিনে ১৯ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ফুলবাগানের বিসি রায় হাসপাতালে গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩৬ ঘণ্টায় ১৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে এই হাসপাতালে ৫১ শিশুর মৃত্যু হলো। এ ঘটনার পর গতকাল মারা যাওয়া শিশুদের আত্মীয়স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। তাঁরা হাসপাতালের সামনের সড়কও অবরোধ করেন। আত্মীয়স্বজনেরা অভিযোগ করেছেন, চিকিৎসকদের গাফিলতির কারণেই শিশুদের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, অতি সংকটাপন্ন অবস্থায় ওই শিশুদের হাসপাতালে আনা হয়। এরা সবাই পেটের অসুখে আক্রান্ত ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দপ্তর সূত্র জানিয়েছে, বুধবার ১২টি এবং বৃহস্পতিবার সাত শিশুর মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে জানান, শিশুমৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।