কলকাতায় দুবার গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
কলকাতার অদূরে মধ্যমগ্রাম থানার হুমাইপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে দুবার গণধর্ষণ করেছেন স্থানীয় একদল যুবক। গত শুক্রবার রাতে ওই ছাত্রী প্রথমবার গণধর্ষণের শিকার হয়। ওই দিন স্থানীয় ছোট্টু তালুকদারের নেতৃত্বে সাতজন দুষ্কৃতকারী ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ফাঁকা একটি মাঠে গণধর্ষণ করেন। পরের দিন দুপুরে ওই মাঠ থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার প্রবল বৃষ্টির কারণে স্কুলছাত্রীর ট্যাক্সিচালক বাবা ফোনে জানিয়ে দেন তিনি বাড়ি ফিরবেন না। এই খবর জানতে পেরে কিশোরীর বাড়িতে ছোট্টু তালুকদার গিয়ে বলেন, তাঁর বাবা রাস্তায় আটকে পড়েছে। ছাত্রীটি ছোট্টুর কথায় বিশ্বাস করে বাড়ির বাইরে গেলে ছোট্টু ও তাঁর সঙ্গী আরও ছয়জন জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করেন। গত শনিবার ওই ছাত্রী স্থানীয় থানায় মামলা করলে খেপে যায় দুষ্কৃতকারীরা। পরদিন রোববার রাতে ভ্যানে করে মা-বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ছোট্টু আবার জোর করে তুলে নিয়ে গিয়ে মধ্যমগ্রামের রেলস্টেশনের কাছে ধর্ষণ করে ফেলে যান তাকে। রাতেই রেললাইনের পাশ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে রেল পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবার মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।
এদিকে আজ মঙ্গলবার অভিযুক্ত ছোট্টু তালুকদারকে দিঘা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় পলাশ দেবনাথ নামের আরও এক দুষ্কৃতকারীকে। অন্য অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।