কলকাতায় নানা অনুষ্ঠানে বিজয় দিবস উদ্যাপিত
কলকাতায় গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৩তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
পূর্বাঞ্চলীয় সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেন ৭১ জন মুক্তিযোদ্ধা ও অন্যরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লে. কর্নেল (অব.) জাফর ইমাম। অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৬ ডিসেম্বর স্মরণে তৈরি বিজয়স্তম্ভে মাল্য প্রদান করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবীর ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল (অব.) জাফর ইমাম এবং ভারতের পক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তিন বাহিনীর প্রধান যথাক্রমে লে. জে. দলবীর সিং, যশবীর ওয়ালিয়া ও অতুল খান্না শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনও দিবসটি উদ্যাপন করে।