কলকাতায় প্রণবকে মমতার সংবর্ধনা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে গতকাল শুক্রবার কলকাতায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে চার দিনের সফরে কলকাতায় গেলে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি কলকাতায় পা রাখলেন। গতকাল বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রণব মুখার্জিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রিসভার সদস্য, কলকাতার সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক, ক্রীড়া ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রণব মুখার্জিকে বিভিন্ন স্মারক, উত্তরীয় ও শাল উপহার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রণব মুখার্জি বলেন, ‘এ সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত। কলকাতা আমার প্রিয় শহর। গ্রামে জন্মালেও জীবনের বেশির ভাগ সময় আমি কাটিয়েছি কলকাতায়। এখানেই তৈরি হয়েছে আমার রাজনৈতিক কর্মক্ষেত্র।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রণব মুখার্জি বাংলার গর্ব। বাংলাকে তিনি গৌরবান্বিত করেছেন। তিনি বাংলার মানুষের অলংকার এবং অহংকার।’