কলকাতায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার কলকাতায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিন। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দিবসটি পালনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এ সময় সাবেক মন্ত্রী আবদুস সাত্তার, বিশিষ্ট ম্যারাথন দৌড়বিদ সোমনাথ দাস, কলকাতায় অবস্থিত সোনালী ব্যাংক ও বিমান বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। ১৯৪৫-৪৬ সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রিতে পড়ার সময় এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ছিলেন। ইসলামিয়া কলেজের নাম বদলে এখন নামকরণ হয়েছে মৌলানা আজাদ কলেজ। ১৯৯৮ সালে হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ। এই স্মৃতি কক্ষে এখনো বঙ্গবন্ধুর ব্যবহূত খাট, চেয়ার, টেবিল ও আলমারি রয়েছে।