কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত

আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবস। কলকাতায় যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার উদযাপিত হয়েছে বাংলাদেশের ৪২তম বিজয় দিবস। দিবসটি পালনের জন্য তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।
পূর্বাঞ্চলীয় সেনা সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত এই বিজয় উত্সবে বাংলাদেশ থেকে ৭১ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তা যোগ দেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লে. ক. (অব.) জাফর ইমাম।
মহান বিজয় দিবস স্মরণে তৈরি করা বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবীর ও লে. ক. (অব.) জাফর ইমাম। আর ভারতের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের তিন বাহিনীর প্রধান যথাক্রমে লে. জে. দলবীর সিং, যশবীর ওয়ালিয়া ও অতুল খান্না। একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনও দিবসটি পালন করে। সকালে উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দেয় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একটি সাংস্কৃতিক দল।
এ ছাড়া ভারতের মুম্বাই শহরে সম্প্রতি চালু হওয়া বাংলাদেশ উপহাইকমিশনেও প্রথমবারের মতো এবার মহান বিজয় দিবস পালন করা হয়। সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুম্বাইতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সামিনা নাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়া হয় এবং মুক্তিযুদ্ধে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়।