ছয় দফা দাবি নিয়ে গতকাল সোমবার দুপুরে কলকাতার রানি রাসমণি রোডে বিরোধী বামফ্রন্টের ডাকে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে যোগ দেন বামফ্রন্টের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সার ও পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুচরা ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের প্রতিবাদসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচি উপলক্ষে রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা হয়। সভায় বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, সিপিআইর সাধারণ সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, বিধানসভায় বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্রসহ বামফ্রন্টের নেতারা বক্তব্য দেন।নেতারা গোটা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ইউপিএ সরকারকে দায়ী করে বলেন, পশ্চিমবঙ্গের শাসকজোট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এর দায় এড়াতে পারে না। কারণ তারাও কেন্দ্রীয় সরকারের শরিক।বক্তারা বলেন, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে, এই বাজারে গরিব আর দিনমজুর বেঁচে থাকার অধিকারটুকুও হারাতে বসেছে।সমাবেশের পর বামফ্রন্টের নেতারা কারাবরণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রসহ বামফ্রন্টের শরিকদলের নেতা-কর্মী ও সমর্থকেরা।