কলকাতায় মনমোহন সিংয়ের ঝটিকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শনিবার সকালে তিন ঘণ্টার এক ঝটিকা সফরে কলকাতায় আসেন। এই সফরের মাঝেই দুবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আয়োজিত অনুষ্ঠানের মাঝে আর দ্বিতীয়বার ফিরে যাওয়ার সময় হেলিপ্যাডে। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিদাওয়া পেশ করেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা। দ্বিতীয়ত, মমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় কয়েকটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, কয়েকটি মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের ব্যাপারে অসহযোগিতা করে আসছে। এর মধ্যে অবশ্য রয়েছে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির মন্ত্রণালয়ও। তিনি প্রধানমন্ত্রীর কাছে পেট্রলের বর্ধিত মূল্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবিও তোলেন। এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড তারকা শাহরুখ খানের ওপর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) আরোপিত ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান। আইপিএল খেলার সময় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের সঙ্গে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এক অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জেরে শাহরুখ খানের ওপর পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে এমসিএ। এ ঘটনার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এবার প্রধানমন্ত্রীর কাছে মমতা আরজি জানান, প্রধানমন্ত্রী যেন শাহরুখের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ছাড়া মমতা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে মর্যাদা দেওয়ারও দাবি জানান। প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল সকালে দুটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন। প্রথমে তিনি যোগ দেন সল্টলেকে বসু বিজ্ঞান মন্দিরের এক অনুষ্ঠানে। এরপর তিনি যোগ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আয়োজিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের এক অনুষ্ঠানে।