কলকাতায় মার্কেটে আগুন, ২০ জনের প্রাণহানি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে একটি মার্কেটে আগুন ধরে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। আহত ও দগ্ধ হয়েছে কমপক্ষে ৫০ জন।শিয়ালদহ এলাকার সূর্যসেন মার্কেটে গতকাল বুধবার এই অগ্নিকাণ্ড ঘটে।কর্মকর্তারা বলেছেন, গুরুতর অবস্থায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।কর্মকর্তারা জানান, ভোরে এপিসি রোডের ছয়তলা সূর্যসেন মার্কেটে আগুন লাগে। এ সময় মার্কেটে বহু কর্মচারী ও শ্রমিক ঘুমিয়ে ছিলেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই মার্কেটের একটি রেস্তোরাঁয় থাকা ৫৬টি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের প্রত্যেকের পরিবারকে দুই লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। এ ছাড়া ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।এর আগে গত ২০১১ সালের ৯ ডিসেম্বর কলকাতার বেসরকারি এএমআরআই হাসপাতাল এবং ২০১০ সালের ২৩ মার্চ কলকাতার স্টিফেন কোর্ট হাউসে অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়।