কলকাতায় মিষ্টি খাওয়ার ধুম, আনন্দ মিছিল
প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্র ছিল উৎসবের আমেজ। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও একে অন্যকে মিষ্টি খাওয়ানোর ধুম লেগে যায়। প্রণবই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।গতকাল সকাল থেকেই যেন হোলি উৎসবের নগরে পরিণত হয় কলকাতা। কংগ্রেসের কর্মীরা গায়ে রং মেখে, ব্যান্ড বাজিয়ে ও আতশবাজি পুড়িয়ে উৎসবে যোগ দেয়। একই চিত্র ছিল রাজ্যের অন্যান্য এলাকাতেও। জেলায় জেলায় প্রণবের পোস্টার নিয়ে হয় আনন্দ মিছিল। কংগ্রেসের দলীয় কার্যালয়গুলোতে কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করায়। অনেক কার্যালয় রাতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বীরভূম জেলার কীর্ণহারে প্রণবের জন্মভিটায় সকাল থেকে জড়ো হতে থাকে হাজারো মানুষ। তারা ঢাকঢোল পিটিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, এ জয় বাংলার মানুষের।