কলকাতায় যৌনকর্মীদের আন্তর্জাতিক সম্মেলনে ২২ দেশের প্রতিনিধি
পশ্চিমবঙ্গের কলকাতার স্বভূমি পার্কে চলছে যৌনকর্মীদের আন্তর্জাতিক সম্মেলন। গত শনিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী এ সম্মেলনে যোগ দিয়েছেন ২২টি দেশের ৬০০ যৌনকর্মী।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে আন্তর্জাতিক এইডস সম্মেলন। এত দিন এই সম্মেলনে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি, সাধারণ মানুষের সঙ্গে যৌনকর্মীরাও অংশ নিতেন। কিন্তু এবার যৌনকর্মীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এরই প্রতিবাদে একই দিনে কলকাতায় যৌনকর্মীদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের আয়োজক অল ইন্ডিয়া নেটওয়ার্ক অব সেক্স ওয়ার্কার্স, গ্লোবাল নেটওয়ার্ক অব সেক্স ওয়ার্কার্স এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি।কলকাতায় সম্মেলনে মোট সাত দফা দাবি উপস্থাপন করছেন যৌনকর্মীরা। দাবির মধ্যে আছে- যৌনকর্মীদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের স্বাধীনতা, সম্মেলন করার স্বাধীনতা, আইনি সাহায্য পাওয়ার স্বাধীনতা, সমাজের বিদ্রূপ থেকে রক্ষা পাওয়ার স্বাধীনতা ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার স্বাধীনতা।