কলকাতায় শাহরুখ খানকে নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) গতকাল মঙ্গলবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দুপুরে যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পৌর করপোরেশন। শাহরুখ খান ও তাঁর দলের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলিউড ও টালিউডের একঝাঁক তারকা। গত রোববার রাতে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেকেআর। আর ওই রাত থেকে বিজয়ের আনন্দে মেতে ওঠে কলকাতা। গোটা শহর কেকেআরের বেগুনি আর সোনালি রঙে রঙিন হয়ে ওঠে। চারদিকে নাইট রাইডার্সের হাজার হাজার পতাকা ওড়ানো হয়। শাহরুখের দল কেকেআর বেলা ১১টায় পৌঁছে কলকাতার হাজরার মোড়ে। সেখানে সংবর্ধনার পর দলের সব খেলোয়াড়, কর্মকর্তাসহ বিশেষ শোভাযাত্রা চলে আসে যদুবাবুর বাজারে। সেখানেও শাহরুখসহ কেকেআরকে সংবর্ধনা দেওয়া হয়। এখান থেকে খেলোয়াড়দের নিয়ে এই শোভাযাত্রা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে। এখানে মমতা সংবর্ধনা দেন খেলোয়াড়দের। তারপর শোভাযাত্রাটি যায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে। সেখানে তখন অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ।ইডেন গার্ডেনসে কলকাতার মানুষের এত ভালোবাসা দেখে আপ্লুত হয়ে নাচতে শুরু করেন শাহরুখ। এগিয়ে আসেন জুহি চাওলা, জিৎ, দেবসহ আরও অনেকে। সবাই শুরু করেন নাচ আর গান। স্টেডিয়ামে তখন আনন্দের বন্যা। আবালবৃদ্ধবনিতা শাহরুখের সঙ্গে নাচতে থাকেন। এরপর শুরু হয় সংবর্ধনার মূল অনুষ্ঠান। রাজ্যপাল এম কে নারায়ণন শাহরুখসহ কেকেআর টিমের কর্মকর্তা এবং সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন। মুখ্যমন্ত্রী সবাইকে সোনার মেডেল পরিয়ে দেন। এরপর বাংলার সন্দেশ দিয়ে তৈরি বিশাল একটি কেক কাটেন শাহরুখ এবং কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর। রাজ্যপাল বলেন, এ গৌরব কলকাতার। কলকাতা আজ ভারতের চ্যাম্পিয়ন। শাহরুখ বলেন, দিদির ডাকে সাড়া দিয়ে তিনি কলকাতায় চলে এসেছেন। দিদি এই খেলার জন্য তাঁকে সব সময় উৎসাহ দিয়ে এসেছেন। আর মমতা বলেন, ‘শাহরুখকে বলেছিলাম চ্যাম্পিয়ন হলে কলকাতায় আসতে হবে। শাহরুখ কথা রেখেছেন। জয়ী হয়েছেন। আমরা আবার আশা করব, শাহরুখ এই কাপ হাতে আগামী বছরও আসুক কলকাতায়।’ আর অধিনায়ক গৌতম গম্ভীর তো আগেই জানিয়ে দিয়েছেন, তিনি কলকাতারই ছেলে। শেষ পর্যায়ে সব খেলোয়াড় চ্যাম্পিয়ন কাপ হাতে নিয়ে মাঠের চারপাশ পরিভ্রমণ করে লাখো মানুষের অভিনন্দন গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভূমি, চন্দ্রবিন্দু ও দোহার ব্যান্ডের শিল্পীরা।