কলকাতায় স্মরণসভায় জ্যোতি বসুর স্বপ্ন বাস্তবায়নের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর স্মরণে গতকাল রোববার কলকাতায় বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জ্যোতি বসু ১৭ জানুয়ারি কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। স্মরণসভায় যোগ দেন লাখো মানুষ। বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে হাতে লাল পতাকা আর জ্যোতি বসুর স্মরণে লেখা নানা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে। গোটা ময়দান মুড়ে দেওয়া হয়েছিল লাল পতাকা দিয়ে।এই স্মরণসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। যোগ দেয় বামফ্রন্টের সব শরিক দল। আসেন কংগ্রেস ও এসইউসিআইয়ের নেতাসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে যোগ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বাংলাদেশ ও নেপালের বাম রাজনৈতিক দলের প্রতিনিধিরাও স্মরণসভায় যোগ দিয়েছেন। এই শহীদ মিনার ময়দানে জ্যোতি বসু শেষবার এসেছিলেন ২০০৮ সালের ১৩ জানুয়ারি। শহীদ মিনার ময়দানে সেদিন দিয়েছিলেন তাঁর শেষ ভাষণ। এরপর আর শারীরিক অসুস্থতার জন্য পা রাখতে পারেননি এ ময়দানে।স্মরণসভা শুরু হয় বেলা তিনটায়। সেখানে রাখা জ্যোতি বসুর প্রতিকৃতিতে প্রথমে মাল্যদান করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং পরে বামফ্রন্টের শরিক দলের নেতারা। তারপর নেপাল কমিউনিস্ট পার্টির নেতা জগন্নাথ খানাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে সাজ্জাদ জহির, জাসদের পক্ষে মঈনুদ্দিন খান বাদল। এরপর মাল্যদান করেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।স্মরণসভা অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জ্যোতি বসুর জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করে বলেন, ‘জ্যোতি বসু একজন ক্ষণজন্মা নেতা। তাঁর মতো আর কোনো নেতার আবির্ভাব হবে না। জ্যোতি বসু ছিলেন মানুষের নেতা, জনগণের নেতা, দেশের নেতা, জাতির নেতা। দেশ হারাল এই মহান নেতাকে। জ্যোতি বসু যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, সেই ইতিহাসের পথ বেয়ে আমাদের এগোতে হবে। জ্যোতি বসুর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের নিজেদের উত্সর্গ করতে হবে দেশের জন্য।’