কলম্বিয়ায় জিকায় আক্রান্ত তিন ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। দুই আমেরিকাসহ বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেও এই প্রথম এতে মৃত্যুর খবর এল। এদিকে ব্রাজিলে রোগীদের লালা ও প্রস্রাবে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ায় নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর এএফপির।

এখন পর্যন্ত ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশেই জিকা ভাইরাসের প্রাদুর্ভাব কার্যত সীমিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রাজিল। তবে সেখানে এখন পর্যন্ত আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কলম্বিয়ার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএস) গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনজনের স্নায়ুতন্ত্রে বিরল সমস্যা দেখা দেয়। এরপর তাদের মৃত্যু হয়। বিরল এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই সেরে ওঠেন। কিন্তু মাঝেমধ্যে তাঁরা পক্ষাঘাতে আক্রান্ত হন। কখনো কখনো তা মৃত্যুরও কারণ হতে পারে।

জাতিসংঘের আহ্বান: জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে বহু শিশু জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। মাথা অস্বাভাবিক ছোট এবং ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জন্মাচ্ছে তারা। এ জন্য জিকা ভাইরাসকেই দায়ী করা হচ্ছে। তাই বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা অত্যন্ত উদ্বেগে রয়েছেন।

এমন পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক দপ্তর এসব দেশে গর্ভনিরোধ ও গর্ভপাতের ওপর কড়াকড়ি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদর, জ্যামাইকা, পানামাসহ ক্যাথলিক লাতিন আমেরিকার অনেক দেশেই গর্ভপাতের মতো বিষয়গুলো আইন করে নিষিদ্ধ করা হয়েছে। শুধু মায়ের জীবন সংকটাপন্ন হলেই এর অনুমোদন রয়েছে।