কলম্বিয়ায় বাসে আগুন, ৩১ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় একটি বাসে গতকাল রোববার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ শিশু পুড়ে মারা গেছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, দুপুরে কলম্বিয়ার ফান্ডাসিওন শহরে এ ঘটনা ঘটে।

রেডক্রস সূত্রে জানা গেছে, আহত যাত্রীদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের সান্তা মার্টা শহরের একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। বাসটিতে এমনিতেই যান্ত্রিক ত্রুটি ছিল। তা ছাড়া বাসের ভেতরে গ্যাসোলিনের বড় কনটেইনার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক।

ফান্ডাসিওনের মেয়র লুজ স্টেলা দুরান বলেন, বাসটিতে এক থেকে আট বছর বয়সী শিশুরা ছিল। তারা ফান্ডাসিওনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাসটিতে করে ফিরে যাচ্ছিল।
দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, শিশুদের মৃত্যুতে পুরো দেশ আজ শোকাহত। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিত্সা ও নিহত ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।