কলম্বিয়ায় সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই: প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় সন্দেহভাজন ফার্ক বিদ্রোহীদের অতর্কিত হামলায় ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের অবসান পর্যন্ত ‘গুলি বন্ধ না করতে’ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

কলম্বিয়ার পূর্বাঞ্চলীয় আরাউকা এলাকায় গত শনিবার ১৫ সেনাসদস্যকে হত্যার ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যরা সেখানে একটি তেলের পাইপলাইন পাহারায় ছিলেন। সন্দেহভাজন ফার্ক বন্দুকধারী গেরিলারা সেনাসদস্যদের হত্যার পর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যখন কলম্বিয়ায় দীর্ঘ পাঁচ দশকের সংঘাতের অবসানে কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের প্রতিনিধিরা কিউবায় একটি আলোচনায় অংশ নিচ্ছেন। বিবিসি।