কলম্বিয়ার ‘ম্যাডম্যানের’ দুই কোটি ৮০ লাখ ডলারের সম্পদ জব্দ
কলম্বিয়ার ‘দ্য ম্যাডম্যান’ হিসেবে পরিচিত কুখ্যাত মাদক চোরাকারবারি দানিয়েল বারেরার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে পুলিশ। এর মধ্যে তাঁর বেশ কয়েকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পশু খামার, রেস্তোরাঁ ও পানশালা রয়েছে। কর্মকর্তারা বলেছেন, জব্দ করা এসব সম্পদের আনুমানিক মূল্য দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর চার আত্মীয়কেও আটক করেছে।গত বছরের সেপ্টেম্বরে প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলা থেকে বারেরাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বেশ কিছু অভিনব কৌশল অবলম্বন করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিতে প্লাস্টিক সার্জারি করেছিলেন তিনি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গ্রেপ্তার এড়াতে অ্যাসিডের সহায়তায় আঙুলের রেখা পর্যন্ত ঝলসে দিয়েছিলেন। আত্মীয় ও সহযোগীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনি শুধু পাবলিক ফোন ব্যবহার করতেন।দেশটির মাদকবিরোধী কর্মকর্তারা জানান, মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় চার দিনের এক যৌথ অভিযান চালিয়ে বারেরার প্রায় ৩০০ প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছেন তাঁরা। তিন বছরের তদন্তের মাধ্যমে বারেরা, তাঁর আত্মীয় ও মধ্যস্থতাকারীদের মালিকানাধীন এসব ব্যক্তিগত ও ব্যবসাপ্রতিষ্ঠান শনাক্ত করা হয়।জব্দ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে অবস্থিত দুই হাজার ৬০০ একর (২৬ বর্গকিলোমিটার) জমির ওপর তৈরি একটি পশু খামার। এ ছাড়া রয়েছে বেশ কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দেড় শতাধিক খামার, ১৫টি লরি ও সামরিক যান। বিবিসি।