কলম্বিয়ায় নৌকাডুবি, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম কলম্বিয়ায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববারের ওই নৌকাডুবিতে অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।

চারতলা নৌকাটি (চার ডেক) মেডেলিনের ৪৫ কিলোমিটার পূর্বে পর্যটন শহর গুয়াতাপের কাছে ডুবে যায়। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিল। নৌকাটি পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে ডুবে যায় বলে জুয়ান কুইরোজ নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন।

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ এসে ডুবে যাওয়া ও নৌকাটির ওপরের ডেকে থাকা লোকদের দ্রুত উদ্ধার করে। পরে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠানো হয়েছে।

পরিস্থিতি খুবই গুরুতর বলে স্থানীয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন। গুয়াতাপের একটি হাসপাতালে ২০ জনেরও বেশি মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধারকাজে জড়িত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন লুইস বার্নার্ডো মোরালেস জানান, নৌযানটি ডুবে যাওয়ার সময় বন্দরের খুব কাছাকাছি ছিল। এএফপি তাঁর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমরা এখনো জানি না, এটি কী কারণে ডুবেছে। যান্ত্রিক সমস্যা, অতিরিক্ত যাত্রী বহন, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’

গুয়াতাপে জলক্রীড়া এবং বিনোদনমূলক কার্যকলাপের জন্য একটি জনপ্রিয় শহর।