কলম্বিয়ায় শীর্ষ ফার্ক নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) শীর্ষনেতা জর্জ ব্রিসেনো ওরফে মোনো জোজয়কে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, গভীর জঙ্গলে সেনা ও বিমান অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয়। অভিযানে আরও ২০ জন বিদ্রোহী নিহত হয়েছে।ফার্কের এই শীর্ষনেতা নিহত হওয়ার ঘটনা কয়েক দশক ধরে চলা দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরোনো এই সশস্ত্র আন্দোলনের জন্য বিশাল এক ধাক্কা। বিশ্লেষকেরা বলছেন, আগস্টে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের জন্য এ অভিযান একটি রাজনৈতিক ও সামরিক বিজয়। ক্ষমতা গ্রহণের সময় সান্তোস বিদ্রোহী গেরিলাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।কলম্বিয়ার সেনাবাহিনী জানায়, ৫৯ বছর বয়সী জোজয় স্থল ও বিমান অভিযানে নিহত হয়েছেন। ফার্কের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে পরিচিত ম্যাকারেনা অঞ্চলে চালানো এই অভিযানে ৩০টি বিমান ও ২৫টি হেলিকপ্টার অংশ নেয়। অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে ফার্কের শীর্ষস্থানীয় তিন নেতাও রয়েছেন। ফার্ক বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে সহযোগিতা দিয়ে আসছে। ফার্কের নেতাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে মার্কিন প্রশাসন। এই হত্যার খবরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র মাইক হ্যামার বলেন, ‘কলম্বিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ।’ রয়টার্স, বিবিসি ও এএফপি।