কলম্বোয় কমনওয়েলথের বৈঠক নিয়ে অনিশ্চয়তা
শ্রীলঙ্কায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে কলম্বোয় কমনওয়েলথের শীর্ষ বৈঠক অনুষ্ঠান অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অনিশ্চয়তা কাটাতে কমনওয়েলথের পক্ষ থেকে কানাডার বিশেষ দূত হাগ সেগাল শ্রীলঙ্কার পথে রয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকের স্থান পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংস্থাভুক্ত বিভিন্ন দেশের কাছ থেকে জোরালো চাপ সৃষ্টি হচ্ছে।কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেন, শীর্ষ বৈঠকটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে তাতে যোগদানের কোনো পরিকল্পনা তাঁর নেই। যুক্তরাজ্য বলেছে, বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক একটি কমিটি প্রধানমন্ত্রীকে বৈঠকে যোগদান থেকে বিরত থাকার সুপারিশ করেছে। অসমর্থিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, কমনওয়েলথপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ বৈঠকে অংশ নেবেন না।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গৃহযুদ্ধের শেষ দিকে শ্রীলঙ্কায় ব্যাপক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটে। এসবের জন্য দেশটির সরকার দায়ী। ওই সব অপরাধের ঘটনায় ৪০ থেকে ৭০ হাজার মানুষ নিহত হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ, গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে গত চার বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ নিজেদের হাতে কুক্ষিগত করে রেখেছেন। তাঁরা সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের লোকজনকে ন্যূনতম অধিকারটুকু দিতেও অস্বীকার করেছেন। এ ছাড়া, দেশটির বর্তমান সরকার যে পন্থায় প্রধান বিচারপতিকে অভিশংসিত করেছে, নিরাপত্তা হেফাজতে গুম-নির্যাতন-ধর্ষণের ঘটনা মোকাবিলা করেছে এবং মুসলিমদের ওপর হামলা বেড়েছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষুব্ধ। এশিয়ান করেসপনডেন্ট ডট কম।