শিক্ষার্থী ভিসায় বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর ফলে দেশটির কলেজে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীরা আর সেখানে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন না।
গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে টিয়ার-৪ নামে শিক্ষার্থী ভিসার নতুন নিয়ম প্রকাশ করা হয়। ঘোষিত পরিবর্তনগুলোর মাধ্যমে মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে পড়াশোনা করতে যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের ওপর বেশ কিছু নতুন শর্ত চাপানো হয়েছে।
পরিবর্তিত নিয়মে কলেজে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ রহিত করা হয়েছে। আগে বেসরকারি কলেজের শিক্ষার্থীরা কাজ করতে না পারলেও পাবলিক ফান্ডেড (সরকারি) কলেজে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ১০ ঘণ্টা কাজ করতে পারতেন। সেই সুযোগও এবার বন্ধ করা হলো। আগামী আগস্ট থেকে যাঁরা কলেজে ভর্তি হয়ে যুক্তরাজ্যে আসবেন, তাঁদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়মে কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যুক্তরাজ্যে থেকে তাঁদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না। তবে কলেজ যদি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো ইউনিভার্সিটির নিয়ন্ত্রণাধীন হয়, তাহলে যুক্তরাজ্যে থেকে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাওয়া যাবে। নভেম্বর মাস থেকে কলেজপড়ুয়া বিদেশি শিক্ষার্থীরা এক কোর্স শেষ করে আর নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না। এসব শিক্ষার্থীর জন্য ভিসা ক্যাটাগরি পরিবর্তন করে ওয়ার্ক পারমিটে (কর্ম ভিসা, যা টিয়ার ২ ও ৫ নামে পরিচিত) যাওয়ার সুযোগও থাকছে না। নতুন কোর্সে ভর্তি হতে চাইলে অথবা কর্মসংস্থান নিতে চাইলে তাঁদের নিজ দেশে ফেরত গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। এত দিন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিলেই বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে থেকেই কর্ম ভিসার আবেদন করতে পারতেন।
তবে যুক্তরাজ্যের ইউনির্ভাসিটিগুলোতে যেসব বিদেশি শিক্ষার্থী পড়বেন, তাঁদের ক্ষেত্রে নিয়মের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। তাঁদের জন্য আগের মতোই সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ ঠিক থাকছে। তাঁরা যুক্তরাজ্যে থেকেই ভিসার মেয়াদ বাড়াতে পারবেন এবং ভিসা ক্যাটাগরি পরিবর্তন করে কাজ নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক কোর্স শেষ করে পুনরায় সমপর্যায়ের কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না। এ ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি শিক্ষার্থীর ক্যারিয়ারের জন্য জরুরি মনে করে এবং অভিবাসন কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার পর সন্তুষ্ট হন, তবেই সমপর্যায়ের কোর্সে ভিসা বাড়ানোর সুযোগ দেওয়া হবে।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের ডিপেন্ডেন্টরা (স্বামী বা স্ত্রী যিনি শিক্ষার্থীর সঙ্গে সঙ্গ দিতে যুক্তরাজ্যে আসেন) দক্ষ কর্ম হিসেবে বিবেচিত হয় এমন কাজই শুধু করতে পারবেন। আগে বিদেশি শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য তিন বছর সময় পেতেন। এখন সেটাকে কমিয়ে দুই বছর করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে যুক্তরাজ্যে কর্মসংস্থান খোঁজার সুযোগ বন্ধ করতে এই উদ্যোগ।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার যুক্তরাজ্যের মোট অভিবাসন বছরে এক লাখের নিচে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ইইউর বাইরের দেশ থেকে আসা ব্যক্তিরা যাতে যুক্তরাজ্যে স্থায়ী হতে না পারেন, সে জন্য কনজারভেটিভ সরকার গত মেয়াদেই বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন করে। বর্তমান আইন অনুযায়ী বৈধভাবে একনাগাড়ে কেউ ১০ বছর যুক্তরাজ্যে বসবাস করলে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। এই পথ বন্ধ করতে ক্যামেরন সরকার গত মেয়াদেই শিক্ষার্থী ভিসায় সর্বোচ্চ আট বছর এবং কর্মজীবী ভিসায় সর্বোচ্চ ছয় বছর থাকার সময় নির্ধারণ করে দেয়। এমন কড়াকড়ির পরও শিক্ষার্থী এবং কর্ম ভিসা মিলে ১০ বছর পূর্ণ করে স্থায়ীভাবে থাকার সুবিধা আদায়ের একটি সুযোগ এত দিন ছিল।
বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশ থেকে আসা শিক্ষার্থীরা তুলনামূলক কম টিউশন ফির কারণে যুক্তরাজ্যের কলেজগুলোতে ভর্তি হন। তাঁরা পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে আয় করার সুযোগ পেতেন।
তবে অনেক কলেজের শিক্ষার মান নিয়ে খোদ শিক্ষার্থীদের মধ্যেই প্রশ্ন রয়েছে। কিন্তু শিক্ষা ফি এবং আনুষঙ্গিক অনেক অর্থ খরচ করে যুক্তরাজ্যে আসার পর তাঁরা বিষয়টি টের পান বলে কিছুই করার থাকে না। ফলে অনেকেই পড়াশোনা বাদ দিয়ে অর্থ উপার্জনের কাজে লেগে যান। তাই কলেজগুলো যুক্তরাজ্যে কর্মসংস্থান খোঁজার সিঁড়ি হিসেবে ব্যবহার হচ্ছে বলে মনে করে সরকার। তেরেসা মে জানান, কনজারভেটিভ সরকার গত মেয়াদে মোট ৮৭০টি কলেজ বন্ধ করে দেয়।
আরও পড়ুন