যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে ৩৪৬টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছে বলে জানা গেছে। গৃহহারা হয়েছে অন্তত ৩৫ হাজার জন। গত বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদনে এসব জানানো হয়। কর্মকর্তারা একে কলোরাডোর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল হিসেবে আখ্যায়িত করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কলোরাডো অঙ্গরাজ্যে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করায় এখন অঙ্গরাজ্যটির দাবানল মোকাবিলায় রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের পথ সুগম হলো।গত মঙ্গলবার রাতে কলোরাডো সিপ্রংস-এর উত্তর-পশ্চিম এলাকায় ছড়িয়ে পড়া দাবানলটি সেখানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী একাডেমির জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। তবে অনুকূল আবহাওয়ার কারণে দাবানলটি নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে দমকলকর্মীদের আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে মনে করেছেন কর্মকর্তারা। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায়, এই দাবানলে অঙ্গরাজ্যটির বিরাট এলাকা পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। একটার পর একটা বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে।কর্তৃপক্ষ প্রাথমিকভাবে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছিল। তবে কলোরাডো সিপ্রংস-এর মেয়র স্টিভ ব্যাচ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষয়ক্ষতির যে হিসাব প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, প্রাথমিক হিসাবে আগুনে ৩৪৬টি বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর কলোরাডো সিপ্রংস পুলিশের প্রধান পিটার কারি জানান, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির আবর্জনার স্তূপের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ দিন ধরে চলমান দাবানলে এটাই প্রাণহানির প্রথম ঘটনা। পুলিশ প্রধান আরও জানান, দুই তরুণ নিখোঁজ আছে বলে তাদের কাছে তথ্য আছে। তবে মৃতদেহটি তাদের মধ্যে একজনের কি না, তা এখনো স্পষ্ট নয়। রয়টার্স ও বিবিসি।