কলোরাডোর দাবানল আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানল আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এতে অনেক বাড়ি ভস্মীভূত হয়েছে। অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কলোরাডো সিপ্রংসের মেয়র স্টিভ বাক গত মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘দাবানল বনভূমিতে সীমাবদ্ধ থাকলেও পরে তা উত্তর-পশ্চিমের আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়ে।’অঙ্গরাজ্যের রাজধানী ডেনভার থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) দক্ষিণে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে।গত শনিবার থেকে শুরু হওয়া এই দাবানল প্রচণ্ড বাতাসে দ্রুত ছড়িয়ে পড়লে মঙ্গলবার কলোরাডোর প্রায় ৩২ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দাবানলে অবশ্য হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এটি ছয় হাজার ২০০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ আগুনের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।দাবানলে ঠিক কতগুলো বাড়ি পুড়ে ছাই হয়েছে, সে ব্যাপারে কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। তবে, এ সংখ্যা অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছে।কলোরাডোর গভর্নর জন হাইকেনলুপার মঙ্গলবার রাতে আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এক ভয়াবহ দৃশ্য দেখেছি। আগুনে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। অবশ্য, আশার কথা এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’ এএফপি।