কসোভোর প্রথম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কসোভোর পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। ২০০৮ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথমবারের মতো দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হলো। তবে জাতিগত কিছু সার্ব এই নির্বাচন বর্জন করেছে।গতকাল সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শুরুর দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। রাজধানী প্রিস্টিনার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সেবিকা দুরি ঝুবি বলেন, ‘আমার চাওয়া হলো উন্নততর অর্থনীতি আর স্বাস্থ্য খাতের উন্নয়ন।’ ডেমোক্রেটিক পার্টি অব কসোভোর (পিডিকে) নেতা ও প্রধানমন্ত্রী হাসিম থাচি তাঁর স্ত্রীসহ প্রিস্টিনার একটি কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নে কসোভোর ভবিষ্যতের জন্য ও জাতিসংঘে অবস্থান সংহত করার জন্য জনগণ ভোট দিচ্ছেন।জরিপে দেখা গেছে, নির্বাচনে পিডিকে ও দলটির সাবেক মিত্র ডেমোক্রেটিক লিগ অব কসোভোর (এলডিকে) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। পিডিকে ও এলডিকে দুই দলই অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও বেকারত্ব কমিয়ে আনার অঙ্গীকার করেছে। উল্লেখ্য, কসোভোয় বেকারত্বের হার ৪৮ শতাংশ। জাতিগত কিছু সার্ব নির্বাচন বর্জন করলেও নয়টি সার্ব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়।যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কসোভোর নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক পরিপক্কতার পরীক্ষা হিসেবে দেখছে। কোনো দেশের ইইউর সদস্যপদ পেতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অন্যতম শর্ত।উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশটি স্বাধীনতার ঘোষণা দেয়। রয়টার্স।