কসোভোর প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হাসিম থাচি
কসোভোর প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাসিম থাচি। তাঁর বিরুদ্ধে মানব অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এই পদে পুনর্নির্বাচিত হলেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেহজেট প্যাকোল্লি। গত মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন।তৃতীয় দফার ভোটে খুব কম ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বেহজেট প্যাকোল্লি। এর আগে পার্লামেন্টে বিরোধী দলের বেশির ভাগ সদস্য ওয়াক আউট করেন।কাউন্সিল অব ইউরোপের এক প্রতিবেদনে হাসিম থাচির বিরুদ্ধে অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৯ সালে সার্বিয়ার সঙ্গে যুদ্ধের সময় কসোভো লিবারেশন আর্মির হাতে আটক সার্বীয়দের হত্যা করে অঙ্গ-প্রত্যঙ্গ পাচার করা হয়। হাসিম থাচি অবশ্য শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। বিবিসি।