কসোভোর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচির বিরুদ্ধে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ ও মাদকদ্রব্য পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দ্য কাউন্সিল অব ইউরোপের প্রতিবেদনের খসড়ায় এ অভিযোগ তোলা হয়। এতে বলা হয়, ১৯৯৮-৯৯ সালের যুদ্ধের পর তিনি সার্ব বন্দীদের অঙ্গ পাচারের ঘটনায় জড়িত ছিলেন। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেন সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সুইস রাজনীতিক ডিক মার্টি। দুই বছর ধরে তদন্তের পর প্রতিবেদনটি তৈরি করেন মার্টি। এ সময় তিনি বেলগ্রেড, প্রিস্টিনা ও তিরানা সফর করে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ, রাজনীতিক, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক গোষ্ঠী ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কথা বলেন। ফ্রান্সের স্ত্রাসবুরে আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করার কথা। প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়, ১৯৯৮ সালের পর ওই এলাকায় থাচি সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় থাচির অনুগত ড্রেনিকা গ্রুপ কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) কর্তৃত্ব গ্রহণ করে। তখন কসোভো ও আলবেনীয় অপরাধ চক্রের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে পাঁচটি দেশে মাদক চোরাচালান দমনে যেসব সংস্থা নিয়োজিত, তারা হাশিম থাচিসহ ড্রেনিকা গ্রুপের অন্য সদস্যদের নাম উল্লেখ করেছে, যাঁরা হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। তাঁদের এসব তৎপরতা নিয়ে এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন গোপন প্রতিবেদন তৈরি হয়েছে। থাচি ও তাঁর সহযোগী যাঁরা কসোভোয় মাফিয়া ধাঁচের সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, গোয়েন্দা প্রতিবেদনে তাঁদের ‘মূল খেলোয়াড়’ বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে থাচি ও তাঁর চারজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে, যাঁরা ব্যক্তিগতভাবে সার্ব বন্দীদের হত্যা, আটক ও প্রহার করা এবং জিজ্ঞাসাবাদে অংশ নিতেন। মানব অঙ্গ পাচারের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিরানায় কারাগারের মতো একটি ঘাঁটিতে থাচির অনুগত দলের সদস্যরা এ কাজে জড়িত ছিলেন। কালোবাজারে কিডনি বিক্রির জন্য রক্ষীরা সেখানে সার্ব বন্দীদের হত্যা করত। বিষয়টি ছিল এমন—কোথাও কোনো ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হবে। সেখানে সার্জনরা গিয়ে হাজির হলে ফরমায়েশমতো কেএলএর রক্ষীরা বন্দীকে বের করে এনে গুলি করে হত্যা করত। তারপর ত্বরিত তার লাশ পাঠিয়ে দিত ওই ক্লিনিকে। প্রতিবেদনে মার্টি সাম্প্রদায়িক-আলবেনীয় যুদ্ধকালীন অপরাধের বিষয়ে যথেষ্ট তদন্ত না করার অভিযোগ তোলেন ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সংঘাতময় ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পশ্চিমা দেশগুলো এসব অপরাধের যথাযথ তদন্তের উদ্যোগ নেয়নি। এএফপি, ইইউ অবজারভার অনলাইন।