কাওয়াবাতার হারানো ছোটগল্প পুনরুদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কার জয়ী জাপানের সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতার হারিয়ে যাওয়া একটি ছোটগল্পের সন্ধান মিলেছে। স্নো কান্ট্রি উপন্যাসের জন্য বিখ্যাত এই লেখকের মৃত্যুর কয়েক দশক পর এই ছোটগল্পের সন্ধান মিলল। জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকুওকার একটি পত্রিকায় ১৯২৭ সালের এপ্রিল ও মে মাসে কাওয়াবাতার ‘উতসুকুশি’ বা ‘সুন্দর’ শিরোনামে ছোটগল্প ছাপা হয়। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি এই ছোটগল্প লেখেন। এর পর থেকে তাঁর ওই লেখা চাপা পড়ে যায়। সম্প্রতি ফুকুওকার রিক্কিও বিশ্ববিদ্যালয়ের গবেষক তাকুমি ইশিকাওয়া ও তাঁর সহযোগীদের নজরে আসে ছোটগল্পটি। গবেষক ইশিকাওয়া এবং ফুকুওকার একটি সাহিত্য জাদুঘরের পরিচালক হিরোশি সাকাগুচি পত্রিকার মহাফেজখানায় কাজ করার সময় ছোটগল্পটি দেখতে পান। পরে কাওয়াবাতা ফাউন্ডেশনও এই ছোটগল্প কাওয়াবাতারই লেখা বলে নিশ্চিত করে। এ প্রতিষ্ঠানটি প্রয়াত কাওয়াবাতার সৃষ্টিকর্ম সংরক্ষণ করে থাকে এবং প্রতিবছর তাঁর নামে পুরস্কারও প্রদান করে।কাওয়াবাতার ওই ছোটগল্পের প্রতিপাদ্য একটি ছোট ছেলে ও একটি ছোট মেয়ে। একজন শিল্পপতি তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলেশিশুকে মৃত্যুর পর সমাহিত করেন। সেই সমাধি পরিদর্শনে গিয়ে দুর্ঘটনায় ওই ছোট মেয়েটিও মারা যায়। পরে তাকে একই সমাধিতে কবর দেওয়া হয়। আর সমাধিফলকে খোদাই করে লেখা হয়, ‘একটি সুন্দর বালক ও একটি সুন্দরী বালিকা একত্রে ঘুমাচ্ছে।’কাওয়াবাতা ১৮৯৯ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। তাঁর বয়স যখন ২৭ তখন ‘দ্য ডান্সিং গার্ল অব ইজু’ প্রকাশিত হয়। এর পর পরই প্রকাশিত হয় ‘উতসুকুশি’। এই ছোটগল্পে দুর্বল মানুষের একাকিত্ব ও আবেগ-অনুভূতি বলিষ্ঠভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গবেষক ইশিকাওয়া বলেন, ১৯২৩ সালের ভয়াবহ ভূমিকম্পে টোকিওভিত্তিক পত্রিকার প্রকাশকেরা ভীষণ ক্ষতিগ্রস্ত হন। এরপর জাপানের নামকরা অনেক লেখক আঞ্চলিক পত্রিকায় লেখা ছাপানোর জন্য তৎপর হয়ে ওঠেন। ওই সময়ে কাওয়াবাতার ওই ছোটগল্প প্রকাশিত হয়। ইশকাওয়া আরও বলেন, ১৯৫৪ সালে কাওয়াবাতার লেখা ‘উতসুকুশিকি হাকা’ বা ‘সুন্দর সমাধি’ প্রকাশিত হয়। অন্যান্য লেখার মতো তাঁর এই গল্পেও ‘একাকিত্ব’ ফুটে উঠেছে।কাওয়াবাতা শৈশবেই তাঁর মা-বাবাকে হারান। এরপর তাঁর একমাত্র অবলম্বন ছিলেন দাদা। তবে বয়স ১৫ হওয়ার পর তাঁর দাদাও মারা যান। সাহিত্যে অসাধারণ সৃষ্টিকর্মের জন্য ১৯৬৮ সালে কাওয়াবাতাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৭২ সালের ১৬ এপ্রিল তিনি মারা যান। এএফপি।