
ভারতের বহু প্রাচীন শহর বারানসি। তবে এবার সেখানকার নির্বাচনী লড়াইটা পেয়েছে নতুন মাত্রা। লোকসভার এই আসন থেকে নির্বাচন করছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে হইচই ফেলে দেওয়া নতুন দল আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দুই বাঘা প্রার্থী একই আসনে মুখোমুখি হওয়ায় সবার নজর এখন উত্তর প্রদেশ রাজ্যের বারানসিতে।
ভারতের হিন্দুদের কাছে অন্যতম পবিত্র শহর বারানসি। মোদি গত মাসে ঘোষণা দেন, তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। তাঁর এই সিদ্ধান্ত বা ঘোষণা শুধু মানুষকে চমকে দেওয়ার জন্য ছিল না, অনেক ভেবেচিন্তেই তিনি বা তাঁর দল ওই সিদ্ধান্ত নিয়েছিল। অনেকে মনে করেন, এটি অনেক বড় একটি রাজনৈতিক চাল।
কোনো দল ভারতের ক্ষমতায় আসার স্বপ্ন দেখলে উত্তর প্রদেশে নির্বাচনী লড়াইয়ে ভালো ফল করা প্রায় অপরিহার্য। দেশের সবচেয়ে জনবহুল রাজ্য এটি। ২০ কোটি মানুষের এই রাজ্যে লোকসভার আসন আছে ৮০টি।
মোদি টানা দীর্ঘ মেয়াদে পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আছেন। বলা হয়ে থাকে, তাঁর শাসনকালে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সমালোচনাও কম নয়। ২০০২ সালে তাঁর রাজ্যে দাঙ্গায় নিহত হয় সহস্রাধিক মুসলিম। এর পেছনে তাঁর মদদ ছিল বলে মনে করেন অনেকে। তবে বিজিপে এবং দলের নেতারা আশা করছেন, মোদি নিজেকে উন্নয়নের প্রতীক হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। বারানসির ভোটাররা সেটাই চাইবেন।
গঙ্গা নদীর তীরবর্তী শহর বারানসি। ধর্মীয়ভাবে খবুই গুরুত্বপূর্ণ হলেও এই শহরে উন্নয়নের ছোঁয়া বলতে গেলে লাগেইনি। জনবহুল, নোংরা এবং অবকাঠামোগতভাবে বিশৃঙ্খল এক শহরই রয়ে গেছে বারানসি।
শহরের বিজেপি নেতা লক্ষ্মণ আচার্যের মতে, নেতৃত্বের অভাবেই বারানসির এই বেহাল দশা। তিনি বলেন, ‘প্রাচীন এই শহর বহুকাল ধরেই অবহেলিত। নেতৃত্বের সংকটই এর কারণ। এখন মোদি এসেছেন এই আসনে নির্বাচন করতে। ভোটাররা খুশি, তাঁরা বিশ্বাস করেন এবার এখানে কিছু উন্নয়ন হবে।’
এই বিষয়গুলোই সামনে নিয়ে সেখানে প্রচারে নেমেছে এএপি। বারানসির জন্য তাদের নির্বাচনী স্লোগান ‘নদী, তাঁতশ্রমিক, পয়োনিষ্কাশন’। পবিত্র গঙ্গা নদী বারানসিতে দূষণে জর্জরিত, বিখ্যাত বেনারসি শাড়ির শহরে বেহাল দশায় আছেন হাজার হাজার তাঁতশ্রমিক, শহরের পথে পথে খোলা পয়নালা।
শহরের বেনিয়াবাগ মাঠে কদিন আগে কয়েক হাজার মানুষের এক সমাবেশে দেওয়া ভাষণে কেজরিওয়াল সেখানকার কৃষক, তাঁতশ্রমিক, ব্যবসায়ী ও গৃহবধূদের প্রতি বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার পর ৬৫ বছর ধরে বিজেপি ও কংগ্রেস মিলে দেশের সম্পদ লুট করছে।’
বারানসিতে ভোট হবে আগামী ১২ মে। ধারণা করা হচ্ছে, এর আগে মোদি সেখানে যাবেন। সমাবেশে ভাষণ দেবেন। কেজরিওয়ালের ভাষণের জবাব হয়তো তখন পাওয়া যাবে। না পেলেও ১৬ মে জানা যাবে, অবহেলিত বারানসির মানুষ তাঁদের ভাগ্য ফেরাতে কাকে কাছে টানলেন, কাকে ফিরিয়ে দিলেন। ওই দিন ঘোষণা হবে লোকসভা নির্বাচনের ফলাফল। এএফপি ও বিবিসি।