কাকের কারণে ডাক সেবা স্থগিত!
একটি কাকের আক্রমণের কারণে কানাডার একটি শহরে ডাক সেবা স্থগিত করা হয়েছে। দেশটির ডাক বিভাগ গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাহকের ওপর বারবার একটি কাকের আক্রমণের কারণে তারা ভ্যাঙ্কুবারের আশপাশের এলাকায় ডাক পাঠানো স্থগিত করেছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবদেন এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভ্যাঙ্কুবারের পূর্বাঞ্চলের তিনটি বাড়িতে ডাক পাঠানোর সময় বাহকের ওপর একটি কাক আক্রমণ চালায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কাকের ঠোকরে এক বাহক রক্তাক্ত হন।
কানাডা পোস্টের মুখাপত্র ফিল লিগাল্ট এক বিবৃতিতে বলেন, কর্মচারীদের নিরাপত্তা তাদের কাছে ‘সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ’। তাদের ডাক বাহকেরা ওই এলাকায় বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। ডাক বাহকদের নিরাপত্তা নিশ্চিত করার পর যত দ্রুত সম্ভব এই সেবা পুনরায় চালু করা হবে। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ চিঠিপত্র তাদের কার্যালয়ে গিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।