কাগজের প্যাকেট হাতে সংবাদ উপস্থাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর আগে এভাবেই সরাসরি অনুষ্ঠানে কাগজের বান্ডিল হাতে উপস্থাপনা করেছিলেন সাংবাদিক সাইমন ম্যাকয়। ছবিটি টুইটার থেকে নেওয়া।
চার বছর আগে এভাবেই সরাসরি অনুষ্ঠানে কাগজের বান্ডিল হাতে উপস্থাপনা করেছিলেন সাংবাদিক সাইমন ম্যাকয়। ছবিটি টুইটার থেকে নেওয়া।

প্রায় চার বছর আগের কথা। বিবিসির সাংবাদিক সাইমন ম্যাকয় একটি ভুল করেছিলেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সেই ভুল শোধরানোর কোনো সুযোগ ছিল না। সেই ভুলের মাশুল এখনো দিতে হচ্ছে তাঁকে। আজ অবধি মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হতে হচ্ছে তাঁকে। এ ঘটনায় তাঁর মেজাজ বেজায় খারাপ। শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে আরজি জানিয়েছেন, কিন্তু মানুষের হাসি বন্ধ হচ্ছে না।

অনেক আগে সংবাদ উপস্থাপকেরা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে একগাদা কাগজ নিয়ে বসতেন। এখন প্রযুক্তির উৎকর্ষের যুগে সেই কাগজের জায়গায় এসেছে আইপ্যাড। তাতেই দরকারি তথ্যগুলো লেখা থাকে। সেই হিসেবে সাইমন ম্যাকয়ের হাতে থাকার কথা ছিল আইপ্যাড। কিন্তু ক্যামেরার সামনে তিনি দাঁড়িয়ে গেলেন প্রিন্টারে ব্যবহার করা এ-ফোর সাইজের কাগজের প্যাকেট নিয়ে। পুরো ৩৩ সেকেন্ড সময়েই তাঁর হাতে ছিল সেই প্যাকেট।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদের এই ভিডিওচিত্র ওই সময় হাসির খোরাক জুগিয়েছিল। ২০১৩ সালেই বিবিসি জানিয়েছিল, স্রেফ ভুল করে আইপ্যাডের বদলে কাগজের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সাইমন। অন্য কোনো বিষয় ছিল না।

বিবিসি বলেছিল, ‘সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে তাড়াহুড়ার কারণে জিনিস চিনতে পারেনি সাইমন। সামনে যা পেয়েছেন সেটিই হাতে নিয়েছেন। কাগজের প্যাকেটটি তাঁর পাশেই ছিল। তাই ভুল করে নিয়ে ফেলেছেন।’

সাইমন স্বাভাবিকভাবেই এ ঘটনা ভুলে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান চায়নি। বিবিসি থ্রি সম্প্রতি ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে। এই নিয়ে ঝড় ভার্চ্যুয়াল দুনিয়ায়। এই পোস্টে এখনো পর্যন্ত লাইক পড়েছে ২০ হাজার ৪০০টি। আর পোস্টটি রিটুইট করা হয়েছে ৯ হাজার ৪০০ বার।

এমন অবস্থায় বিব্রত অবস্থায় পড়েছেন সাইমন। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে এ ঘটনা থেকে দৃষ্টি সরানোর আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও এটি ভুলে যাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন।